২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংঘর্ষ এড়াতে' মুক্তাঙ্গনে সমাবেশ স্থগিত করলেন আমিনী

নিষেধাজ্ঞা অমান্যের ক্ষমতা থাকলেও 'রক্তক্ষয়ী সংঘর্ষ' এড়াতে মুক্তাঙ্গনে ২৭ মে'র সমাবেশ স্থগিত করেছেন বলে দাবি করছেন ফজলুল হক আমিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা অমান্যের ক্ষমতা থাকলেও 'রক্তক্ষয়ী সংঘর্ষ' এড়াতে মুক্তাঙ্গনে ২৭ মে'র সমাবেশ স্থগিত করেছেন বলে দাবি করছেন ফজলুল হক আমিনী। মঙ্গলবার দুপুরে রাজধানীর লালবাগে এক সংবাদ সম্মেলনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির আমিনী বলেন, "নেতাদের নিয়ে আমরা যদি মুক্তাঙ্গনে যাই, ১৪৪ ধারা ভঙ্গ করতে পারবো। তবে একথা নিশ্চিত যে, তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আমরা চাই না দেশে রক্তক্ষয়ী সংঘর্ষ হোক। "তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং সংঘর্ষ এড়িয়ে যেতে ২৭ মে মুক্তাঙ্গনের মহাসমাবেশ স্থগিত ঘোষণা করছি।" আগামী ২৬ জুন নতুন করে জাতীয় প্রেসক্লাবে এ সমাবেশ করার ঘোষণা দেন তিনি। তবে নারীনীতির 'কুরআন সুন্নাহবিরোধী' ধারা বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে লিখিত বক্তব্যে বলেন আমিনী। ইসলামী আন্দোলনসহ একাধিক ইসলামী সংগঠন একই সময়ে মুক্তাঙ্গনে সভা ডাকায় ০২ মে থেকে থেকে পরবর্তী নির্দেশ না দেওযা পর্যন্ত সেখানে সব ধরনের সমাবেশ পুলিশ নিষিদ্ধ করে গত ৩০ এপ্রিল। আরো তিনটি সংগঠন হচ্ছে- শরীয়াহ আইন বাস্তবায়ন কমিটি, সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। তিনটি ইসলামী দলের সভাকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিলও মুক্তাঙ্গনে সমাবেশ নিষিদ্ধ করেছিলো পুলিশ। ২৬ জুনের সমাবেশে কথা উল্লেখ করে আমিনী বলেন, "সেখানে (প্রেসক্লাব) সরকার যদি প্রমাণ করতে পারে যে, নারীনীতিতে কুরআন সুন্নাহবিরোধী কোনো ধারা নেই, তাহলে আমরা এর বিরোধিতা ছেড়ে দেব।" ওই সমাবেশে দেশের শীর্ষস্থানীয় আলেমদের ডাকা হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/পিডি/১৮০১ ঘ.