ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্র, সন্ত্রাস দমন ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য খালেদা জিয়াকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট।
সোমবার দুপুরে সিনেট অধিবেশন চলার সময় বাংলাদেশের বিরোধীদলীয় নেতাকে এ সম্মান জানানো হয় বলে বাংলাদেশ আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্টের (বিএপিএফ) প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, নিউ ইয়র্ক থেকে ৬৫ কিলোমিটার দূরে নিউ জার্সি অঙ্গরাজ্যের রাজধানী ট্রেনটনে সিনেট হাউজে বাজেট অধিবেশনে চলাকালে খালেদা জিয়ার হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। ওই সময় সিনেট সদস্যরা করতালি দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়।
সিনেট প্রেসিডেন্ট স্টিফেন এম সুইনি বিএনপি চেয়ারপারসনের হাতে সম্মাননাপত্র তুলে দেন। খালেদা জিয়ার জীবনী উপস্থাপন করেন সিনেট নেতা বারবারা বুনো।
সম্মাননায় বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, সন্ত্রাস দমন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে খালেদা জিয়া তার শাসনামলে বিশেষ অবদান রেখেছেন। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। গ্রামীণ নারীর উন্নয়নে তার সরকারের শাসনামলে নেওয়া পদক্ষেপের কারণে নারীরা নিজের পায়ে দাঁড়িয়ে স্বয়ং সম্পূর্ণ হয়েছেন।
সিনেট অধিবেশনে বক্তব্যে খালেদা জিয়া তাকে সম্মানিত করার জন্য সিনেটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ভালো হবে।
"সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অংশীদার। দুই দেশের সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে", বলেন বিরোধীদলীয় নেতা।
সফরসঙ্গী ওসমান ফারুক, শমসের মবিন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মারুফ কামাল খানও খালেদার সঙ্গে ছিলেন।
সিনেটে সম্মাননা পাওয়ার পর সন্ধ্যায় নিউ জার্সি থেকে ওয়াশিংটন যান। ওয়াশিংটনে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এছাড়া সন্ধ্যায় গ্রান্ড হায়াত হোটেলে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা সভায়ও খালেদা যোগ দেবেন বলে হাসান জানান।
গত ২১ মে শনিবার ৭ দিনের সফরে খালেদা লন্ডন থেকে নিউইয়র্ক যান। আগামী ২৭ মে খালেদা জিয়া নিউ ইয়র্ক থেকে লন্ডন হয়ে দেশে ফিরবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৫০ ঘ.
bdnews24