ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
নিউইয়র্ক থেকে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্টের (বিএপিএফ) প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সময় সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় বিরোধী দলীয় নেত্রী ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন।
হাসান জানান, মঙ্গলবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে খালেদা জিয়ার। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান জন কেরি, দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট ও ব্লেইক এবং বাংলাদেশ ককাসের চেয়ারম্যান জোসেফ ক্রাউলির সঙ্গেও খালেদার দেখা করার কথা রয়েছে।
এছাড়া মঙ্গলবার রাতে ওয়াশিংটনের গ্র্যাণ্ড হায়াত হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
খালেদা জিয়া গত ১৪ মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। শনিবার লন্ডন থেকে নিউইয়র্কে যান তিনি। আগামী ২৭ মে তার দেশের পথে রওনা হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/জেকে/০০১৬ ঘ.
bdnews24