২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গণতন্ত্রের স্বার্থে সংসদে আসুন'

গণতন্ত্রের পূর্ণ বিকাশের স্বার্থে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রের পূর্ণ বিকাশের স্বার্থে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। নবম জাতীয় সংসদের নবম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, জনগণ আশা করে, দেশের সব রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে সংসদ। আর এক্ষেত্রে বিরোধীদলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রোববার শুরু হওয়া এই অধিবেশনে আসন্ন ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে। এছাড়া সংবিধান সংশোধনের খসড়া প্রস্তাবও বিল আকারে সংসদে ওঠার কথা এ অধিবেশনেই। বিকাল সোয়া ৪টায় অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান স্পিকার। স্পিকার বলেন, "আমি গণতন্ত্রের পূর্ণ বিকাশের স্বার্থে বিরোধী দলকে সংসদে এসে তাদের রাজনৈতিক ইস্যুগুলোতে কথা বলার উদাত্ত আহবান জানাচ্ছি। মনে রাখতে হবে, সংসদ যত বেশি কার্যকর হবে গণতন্ত্রও ততো বেশি শক্তিশালী হবে।" টানা ৭৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের সাংসদরা গত মার্চে অষ্টম অধিবেশনে সংসদে যোগ দেন। কিন্তু ২৪ মার্চ ওই অধিবেশনের শেষ দিনেও ওয়াক আউট করেন তারা। চলতি অধিবেশনেই বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে জানিয়ে উদ্বোধনী ভাষণে আবদুল হামিদ বলেন, সংসদীয় পদ্ধতিতে বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। সাংসদরা তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বাজেটকে জনকল্যাণমুখী করার পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন। "আমি আশা করি, সরকারি ও বিরোধী দলের মাননীয় সংসদ-সদস্যরা ২০১১-২০১২ আর্থিক বছরের বাজেটের খ্্্ুঁটিনাটি তুলে ধরে বাজেটকে আরো অর্থবহ ও বাস্তবমুখী করতে ভূমিকা রাখবেন। মনে রাখতে হবে, জাতীয় জীবনে বাজেট একটি গুরুত্বপূর্ণ দলিল। আগামী ১ বছরে সরকার জনকল্যাণে যেসব কর্মকাণ্ড পরিচালনা করবে, তারই রূপরেখা থাকবে এ বাজেটে।" সংসদীয় গণতন্ত্র চর্চার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে এবং সংসদীয় গণতন্ত্রের চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হলে মনেপ্রাণে গণতন্ত্রকে লালন করতে হবে। দলীয় ও সংসদীয় কার্যক্রমে এর প্রতিফলন ঘটাতে হবে। আলোচনার মাধ্যমে জাতীয় ইস্যুগুলোতে সমঝোতা অথবা সিদ্ধান্তে পৌঁছনো যেতে পারে বলেও স্পিকার জানান। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, "গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশই সব অগণতান্ত্রিক শক্তিকে রুখতে পারে। আমি আশা করি, আপনারা সংসদে এসে কথা বলবেন এবং বিভিন্ন ইস্যুতে বিতর্ক করবেন। সংসদীয় কার্যক্রমে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিতর্কের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসে।" সব সদস্যকে সংসদমুখী হওয়ার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, "ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।" সভাপতি মণ্ডলী ও শোকপ্রস্তাব গৃহীত স্পিকারের উদ্বোধনী ভাষণের পর চলতি অধিবেশনের ৫ জন সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব গৃহীত হয়। মনোনীত সভাপতিরা হলেন- ফজলে রাব্বি মিয়া, এ বি এম গোলাম মোস্তফা, মুজিবুল হক, নজরুল ইসলাম মঞ্জু ও ফরিদুন্নাহার লাইলী। কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অধিবেশন শুরুর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা অনুপস্থিত ছিলেন। তারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ সাংবাদিকদের জানান, চলতি অধিবেশন কতদিন চলবে- সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়নি। তবে সোমবারও অধিবেশন বসবে। এরপর ২৯ মে পর্যন্ত বিরতি থাকতে পারে। ৩০ মে আবার অধিবেশন শুরু হবে। ৯ জুন বাজেট পেশ হবে। ৩০ জুনের মধ্যে পাস হবে অর্থ বিল। "এরপরও কয়দিন সংসদ চলবে তা নির্ধারণের এখতিয়ার স্পিকারের। তিনি সংসদ নেতার সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবেন।" দুটি বিল নবম অধিবেশনের প্রথম দিন রোববার দুটি বিল সংসদে উত্থাপন করা হয়। এর মধ্যে আইন মন্ত্রী শফিক আহমেদ 'আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০১১' এবং সমজাকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ 'ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল ২০১১' সংসদে তোলেন। বিল দুটি পর্যালোচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এছাড়া ঢাকায় উড়াল সড়কের জন্য ভূমি অধিগ্রহণ অধ্যাদেশ সংসদে তোলেন আইনমন্ত্রী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ না হওয়া পর্যন্ত একাধিক বিসিএসে লিখিত পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়ার সুপারিশ করে পিএসসির বার্ষিক প্রতিবেদনও এদিন উপস্থাপন করা হয় সংসদে। স্পিকার আবদুল হামিদ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। সোমবার বিকেল ৫টায় সংসদ আবার বসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২২৩২ ঘ.

এ সম্পর্কিত আরো খবর