২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা দেশের ভাবমূর্তি নষ্ট করছেন: যুক্তরাজ্য আ.লীগ

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ তুলেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ তুলেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা এ অভিযোগ করেন। তারা বলেন, বিরোধী দলীয় নেতার সফরের বিরুদ্ধে তাদের কালো পতাকা প্রদর্শনের অন্যতম কারণ হচ্ছে- তিনি (খালেদা জিয়া) বর্তমান সরকারের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার চালাচ্ছেন। বিদেশিদেও কাছে বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক। লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। এতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, যুক্তরাজ্য সফরে এসে বিএনপি চেয়রপারসন রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সরকার ও দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছেন। তারা দাবি করেন, খালেদা জিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করছেন 'যুদ্ধাপরাধীদের রক্ষার মিশন' নিয়ে। "বিদেশে এসে তিনি (খালেদা) গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যাকারী, ধর্ষণকারী ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের পক্ষে সাফাই গাইছেন।" সুলতান মাহমুদ শরীফ খালেদার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, "বেগম জিয়া কি ভুলে গেছেন তার সরকারের আমলের অরাজকতা? আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের কথা?" সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি দাবি করেন, এই সরকার সংবিধান ধ্বংস করেনি। সংবিধান তারাই (বিএনপি) ধ্বংসের চেষ্টা করেছেন। জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করেছিলেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছেন জিয়াই। সংবাদ সম্মেলনে বিএনপির সমালোচনা করে বলা হয়, যারা এক কোটি ভুয়া ভোটার নিয়ে ভোটার তালিকা তৈরি করেছিল তাদের পক্ষে ২০০৮ সালের নির্বাচনের সমালোচনা করা শোভা পায় না। ওই নির্বাচন দেশে বিদেশে প্রশংসিত হয়েছিল। ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতি প্রসঙ্গে খালেদার বক্তব্য প্রত্যাখ্যান করে নেতারা বলেন, জনগণ এটি মানলে তিনি (খালেদা) না মানার কে? এদিকে বিরোধী দলীয় নেতা লন্ডনে তার পরিবারের সদস্যদের সঙ্গে শেষদিন কাটাচ্ছেন। শনিবার সকাল ১০টায় ভার্জিন আটলান্টিকের ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। তার সফরসঙ্গী শমসের মবিন চৌধুরী শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র পৌঁছে গেছেন। তিনি সেখানে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এইচএ/২৩৩৩ ঘ.