ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নতুন একটি ধরন বা 'মডেল' খুঁজতে সংসদে এসে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার সকালে রাজধানীর জিগাতলায় নিজের বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সুপ্রিম কোর্ট ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের একটি মডেল প্রত্যাখ্যান করেছে। অন্য একটি মডেল নিয়ে জাতি এখন ভাবতেই পারে। বিরোধী দল সংসদে এসে সহযোগিতা করলে সংসদেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়।"
গত ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ও অসাংবিধানিক উল্লেখ করলেও এ ব্যবস্থায় আগামী দুটি সংসদ নির্বাচন হতে পারে বলে মত দেয় আদালত।
রায়ে আরো বলা হয়, বিদায়ী প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কারও করতে পারে।
বিশেষ কমিটির কো চেয়ারম্যান জানান, সপ্তম সংশোধনী বাতিলের বিষয়ে আদালতের রায়ের সংক্ষিপ্তসার ইতোমধ্যে তারা হাতে পেয়েছেন। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কোনো সুপারিশ করতে পারছেন না তারা।
তিনি বলেন, সংবিধান সংশোধনে বিশেষ অধিবেশন হচ্ছে না- এ দুর্ভাগ্যজনক। বিরোধী দলের অসহযোগিতার কারণে তা হয়নি। বাজেট অধিবেশন ডাকা হয়েছে। এ অধিবেশনে সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ পেশ করা হবে।
"বিশেষ কমিটিতে বিরোধী দল আসেনি। তারা যদি শেষ পর্যন্ত মতামত না দেয় এবং বিরোধী দল যদি সংসদে না আসে- তাহলে গত ১৪টি সংশোধনীর মতো এবারো সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে।"
বিরোধী দল চাইলে এখনো সংসদে এসে মতামত দিতে পারে জানিয়ে সুরঞ্জিত বলেন, "আমরা (বিশেষ কমিটি) কাজের শেষ পর্যায়ে আছি।"
বিচার বিভাগ সচিবালয় প্রসঙ্গ
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে নবনিযুক্ত প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সে বিষয়ে একমত।
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন গত ১৮ মে শপথ নেওয়ার পর বলেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা প্রয়োজন।
এ বিষয়ে সুরঞ্জিত বলেন, "প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের যে কথা বলেছেন, তা ন্যায্য। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ স্বাধীন হতে পারে না। মন্ত্রণালয় থেকে নয় বরং বাজেটে আলাদা বরাদ্দ দিয়েই এ স্বাধীনতা নিশ্চিত করতে হবে।"
'সংসদীয় কমিটির বিল আগামী অধিবেশনেই'
সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধি ও তলবে হাজির হওয়া বাধ্যতামূলক করতে সংবিধানের ৭৬ (৩) অনুচ্ছেদ অনুযায়ী একটি বিল সংসদের নবম অধিবেশনেই তোলা হবে।
আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সুরঞ্জিত সেন গুপ্ত।
গত ১৫ ফেব্র"য়ারি এই আইনের খসড়া নিয়ে সব সংসদীয় কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
ওই প্রস্তাবের একটি উপধারায় বলা হয়েছে, কমিটির তলব অগ্রাহ্য করার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।
আগামী রোববার থেকে নবম জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/জেকে/১৭১৪ ঘ.
bdnews24