২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র চলছে: মোশাররফ

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার সকালে রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ''সংবিধান সংশোধন করে দেশে অরাজকতা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হলে বিএনপি তা মেনে নেবে না। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে উল্লেখ করে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিতর্কিত এ বি এম খায়রুল হককে মানবো না আমরা।'' জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে হুমকি দেয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে উচ্চতর আদালতের রায় সর্ম্পকে খন্দকার মোশাররফ বলেন, ''বিচার বিভাগকে দলীয়করণ করে এটা করা হয়েছে।" খন্দকার মোশাররফ বর্তমান সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে বলেন, ''আড়াই বছরে তারা কোনো সমস্যার সমাধান করতে পারেনি। জনগণের কাছে দেয়া অঙ্গীকারও বাস্তবায়ন করেনি। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। আইনশৃঙ্খলা বলতে এখন কিছু নেই। মানবাধিকার লঙ্ঘন চরম পর্যায়ে পৌঁছেছে।'' তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ''একদিকে সরকার বিদ্যুৎ, গ্যাস, পানি দিতে পারছে না। অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ অন্যের হাতে তুলে দিচ্ছে।'' সংগঠনের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম ফারুক, বিএনপির ওয়ার্ড নেতা এমএ হান্নান, মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন প্রমূখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/কেএমএস/১৪২৫ ঘ.