ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচারের মামলার অভিযোগ গঠন পিছিয়েছে। আগামী ৭ জুন নতুন তারিখ রেখেছেন আদালত।
তারেকের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ মোজাম্মেল হোসেন এ তারিখ দেন।
তারেকের ঘনিষ্ট বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনও এ মামলার আসামি।
মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রায় এক বছর শুনানির পর গত ৫ মে মামলাটি গ্রহণ করে বৃহস্পতিবার (১৯ মে) অভিযোগ গঠনের দিন ঠিক করে বিচারিক আদালত। একই সঙ্গে মামলাটি ২০০২ সালের মুদ্রা পাচার আইনে চলার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
সময় আবেদনে তারেক ও মামুনের আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন ও তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারেকদের বিরুদ্ধে মত দিয়েছিলেন- ২০০৯ সালের মুদ্রা পাচার আইনে নয়, এ মামলা চলবে ২০০২ সালের মুদ্রা পাচার আইনে। কিন্তু ২০০২ সালের মুদ্রা পাচার আইনে মামলাটি কীভাবে চলবে এ সংক্রান্ত ব্যাখ্যা চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করা হয়েছে। তার নিষ্পত্তি হওয়া না পর্যন্ত এ আদালতে অভিযোগ গঠনের শুনানি মুলতবি হওয়া প্রয়োজন।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাটি দায়ের করে।
গত বছরের ৬ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম।
এতে বলা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ দশমিক ৪১ কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন।
দেশে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন।
তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৪টি মামলা বিচারাধীন। তার বন্ধু মামুন বর্তমানে কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এএল/১৭০০ ঘ.
bdnews24