কক্সবাজার, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের আগামী অধিবেশন বাজেট অধিবেশন, না সংবিধান সংশোধনে বিশেষ অধিবেশন- তা স্পষ্ট করতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
আগামী ২২ মে শুরু হতে যাওয়া নবম অধিবেশনের দুই দিন আগে বৃহস্পতিবার কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রশ্ন তোলেন তিনি।
অধিবেশনের শুরুতে বিএনপি যোগ দেবে না বলেও ফারুক জানান।
সংসদের এ অধিবেশনেই সংবিধান সংশোধনে গঠিত কমিটি সুপারিশ উত্থাপনের কথা জানিয়েছে। এছাড়া আগামী অর্থবছরের বাজেটও এ অধিবেশনে উত্থাপনের কথা।
ফারুক বলেন, "নবম সংসদের নবম অধিবেশনটি কী জন্য ডাকা হচ্ছে, সরকার পক্ষ থেকে তা স্পষ্ট করে জানানো হচ্ছে না। এটি কী বাজেট অধিবেশন, নাকি সংবিধান সংশোধন অধিবেশন?"
সংসদে যাওয়ার বিষয়ে তিনি বলেন, "আগামী ২২ মে বিএনপি সংসদ অধিবেশনে যাচ্ছে না। আমাদের সংসদীয় দলের নেতা (খালেদা জিয়া) দেশের বাইরে থাকায় এ বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তিনি ফিরলেই বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আদালতের দেওয়া রায়ের বিষয়ে ফারুক বলেন, "রায়টা অবশ্য স্পর্শকাতর বিষয়। ইদানিং যে রায়গুলো দেওয়া হয়েছে, তা সরকারি দলের প্রধানের মতামতের রায় রয়েছে।"
"সরকার হয়তো সংখ্যাগরিষ্ঠতার জোরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিল পাস করে ফেলতে পারবে। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার চিন্তাও করতে পারবে না", বলেন বিএনপির প্রচার সম্পাদক ফারুক।
হোটেল সী-গালে ওই সভায় সরকারের বিভিন্ন কার্যক্রমেরও সমালোচনা করেন তিনি। ফারুক বলেন, "দেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। সংবিধান আছে কি না, তা নিয়েই অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।"
ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো দেশের স্বার্থ রক্ষা করছে না বলেও দাবি করেন ফারুক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "চারদলীয় জোট অটুট রয়েছে, ভবিষ্যতেও থাকবে। হয়তো এমনও হতে পারে 'এক মনে'-'এক মতে' কাজ করে, এমন দলগুলো নিয়ে জোট আরও স
bdnews24