ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলকে আরো সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দলের এ সহযোগী সংগঠনের এক কর্মশালায় ফখরুল বলেন, "দেশ থেকে স্বৈরশাসনের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছাত্রদল হবে আন্দোলনের ভ্যানগার্ড।"
এরশাদবিরোধী আন্দোলনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ছাত্রদলকেই রাজপথে বেশি সক্রিয় দেখা গেছে। ওই সময় ডাকসুসহ দেশের বেশিরভাগ কলেজের ছাত্র সংসদ ছিলো ছাত্রদলের নিয়ন্ত্রণে।
এক সময়ের ছাত্রনেতা ফখরুল অতীতের সে অবস্থা ফিরিয়ে আনতে ছাত্রদলকে যুগোপযোগী করার ওপরও জোর দেন।
তিনি বলেন, "ছাত্র রাজনীতিকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে ছাত্রদলকে জ্ঞানভিত্তিক রাজনীতির সংস্কৃতি চালু করতে হবে। অতীতে ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীদের যে আকর্ষণ ছিলো, তা এখন নেই। এ থেকে উত্তরণে আমাদের কর্মকৌশল ঠিক করতে হবে।"
"একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুতি নিচ্ছে। ছাত্রদলকে এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে", বলেন তিনি।
নয়া পল্টনের হোটেল ভিক্টোরিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ঢাকা মহানগর (উত্তর) ছাত্র দলের নেতা-কর্মীদের একটি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ফখরুল।
কর্মশালায় কেন্দ্রীয় নেতারা দলীয় শৃঙ্খলা ও নিয়মাবলী, ছাত্র রাজনীতির ইতিহাস, গণতন্ত্র, জাতীয়তাবাদ বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করছেন। এতে সংগঠনের দেড় শতাধিক নেতা-কর্মী অংশ নিচ্ছে।
সংগঠনের বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, বর্তমান সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ঢাকা মহানগর (উত্তর) সভাপতি কামাল আনোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২৭ ঘ.
bdnews24