ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। রাজধানীর সমাবেশ হবে বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে যানবাহনের ভাড়া বৃদ্ধিসহ দ্রব্যমূল্যের ওপর এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। তাই এর প্রতিবাদে সারাদেশে কর্মসূচি পালন করা হচ্ছে।"
নয়া পল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন বলে রিজভী জানান।
গত ৫ মে সরকার জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়ায়। এরপর ৯ মে বিএনপি কর্মসূচি ঘোষণা করে। বিএনপির কর্মসূচি ঘোষণার পর গত ১২ মে সিএনজির দাম ৪৯ শতাংশ বাড়ানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৫০ ঘ.
bdnews24