২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসকে নিয়ে আচরণে মাথা হেঁট হচ্ছে: খালেদা

যুক্তরাজ্যে এক সভায় খালেদা জিয়া বলেছেন, নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের আচরণে বহির্বিশ্বে বাংলাদেশের সুনামহানি ঘটছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 04:22 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে এক সভায় খালেদা জিয়া বলেছেন, নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের আচরণে বহির্বিশ্বে বাংলাদেশের সুনামহানি ঘটছে। দেশের বর্তমান সরকারকে ব্যর্থ দাবি করে মধ্যবর্তী নির্বাচনের জন্য আন্দোলনে শামিল হতে প্রবাসীদের প্রতিও আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। লন্ডন সফররত খালেদাকে মঙ্গলবার সন্ধ্যায় সংবর্ধনা দেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান। টাওয়ার হ্যামলেট কাউন্সিল চেম্বারে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপাসন বলেন, "ক্ষুদ্র ঋণ ব্যবস্থার প্রবর্তক, শান্তিতে নোবেলজয়ী ইউনূসকে নিয়ে আমরা গর্বিত। তার চালু করা পদ্ধতি এখন শতাধিক দেশে সমাদৃত। কিন্তু তাকে নিয়ে দেশে যে আচরণ করা হচ্ছে, তাতে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়।" নিয়োগে অনুমোদন না নেওয়ার কারণ দেখিয়ে ইউনূসকে দুই মাস আগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে হেরে যান তিনি। এরপর কয়েকদিন আগেই তিনি পদত্যাগ করেন। যুক্তরাজ্য সফরের চতুর্থ দিন মঙ্গলবার খালেদা হাউস অব কমন্সে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডের সঙ্গে দেখা করেন। ওই সময় সেখানে ছিলেন পার্টির ডেপুটি লিডার হ্যারিয়ট হারমান এবং ব্রিটিশ পার্লামেন্টে একমাত্র বাঙালি এমপি রুশনারা আলী। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলে ব্রিটিশ রাজনীতিবিদদের জানান খালেদা। এছাড়া সীমান্তে বাংলাদেশি হত্যা ও পানি বণ্টন নিয়েও তিনি ভারতের বিষয়ে নিজের দলীয় অবস্থান তুলে ধরেন। খালেদা বলেন, বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলেছে এবং তাতে জনগণের সমর্থন রয়েছে। যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতাদের সঙ্গে দেখা করার পর সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গেও বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা। এদিকে খালেদার সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুবলীগ বিক্ষোভ অব্যাহত রেখেছে। খালেদা টাউন হলে সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছানোর আগেই হলের বাইরে অবস্থান নিয়ে যুবলীগ বিএনপিবিরোধী স্লোগান দেয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালেদা জিয়া দেশে যুদ্ধাপরাধীদের আঁচলে বেঁধে রেখেছেন আর এখানে এসেও যুদ্ধাপরাধীদের সঙ্গে বৈঠক করছেন।" খালেদা যুক্তরাজ্য সফরের তৃতীয় দিন সোমবার ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে কাটান। বুধবার হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নযন মন্ত্রী অ্যালেন ডানকানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। গত ১৫ মে খালেদা যুক্তরাজ্য যান। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র যাবেন। আগামী ২৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২১০ ঘ.