ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমঝোতা ছাড়া সংবিধানে কোনো মৌলিক পরিবর্তন মেনে নেবে না প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার বিকালে ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে মওদুদ আহমদ তার দলের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধানের মৌলিক অনুচ্ছেদে সংশোধনী পাস করা হলেও জনগণের সম্মতি ছাড়া তা কার্যকর হবে না। তাই সরকারকে বলব, এমন কোনো সংশোধনী আনবেন না, যা জনগণ চায় না।"
নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী পরিষদ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সংসদে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে টেলিফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদের এই সমাবেশ হয়। গত ১৪ মে গুলশানে ফারুককে অজ্ঞাত ব্যক্তিরা হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সাবেক আইনমন্ত্রী মওদুদ অভিযোগ করেন, সংবিধান সংশোধন নিয়ে সরকারের ভেতরে সমন্বয়হীনতা কাজ করছে। প্রধানমন্ত্রী বলেছেন, সংসদেই সংবিধান সংশোধন হবে। আর আইনমন্ত্রী বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংবিধান মুদ্রিত হয়েছে।
তিনি আরো বলেন, সংবিধানের মৌলিক অনুচ্ছেদ অর্থাৎ প্রস্তাবনা, অনুচ্ছেদ-৮ সহ ৪টি বিষয়ে কোনো পরিবর্তন আনতে হলে অবশ্যই জনগণের মতামত নিতে হবে। মৌলিক অনুচ্ছেদের পরিবর্তন সংসদে ভোটে পাস হলেও অবশ্যই গণভোটে জনগণের মতামত নিতে হবে। '
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মওদুদ বলেন, "রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে বিচার বিভাগের স্বাধীনতা নেই। আমরা এটা প্রথম থেকেই বলে আসছি। এজন্য বিচারালয়ে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, যা আইনমন্ত্রীও বলেছেন।''
সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৫ ঘ.
bdnews24