২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইন জিয়া হতে চেয়েছিলেন: খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৭ সালের ১১ জানুয়ারির ঘটনার জন্য তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদকে দায়ী করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

লন্ডন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৭ সালের ১১ জানুয়ারির ঘটনার জন্য তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদকে দায়ী করেছেন। তিনি বলেছেন, মইন বিএনপি'র ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জিয়াউর রহমান হতে চেয়েছিলেন। এজন্য বিএনপি'র কিছু বেঈমানও তার সঙ্গে যোগ দিয়েছিলো। খালেদা জিয়া বলেন, "তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দীন ছিলেন 'ঠুটো জগন্নাথ', মইন ইউ আহমেদ পেছন থেকে সবকিছু করতেন। মইন ইউ আহমেদের পেছনে ছিলো কিছু বিদেশি শক্তি।" যারা মুখে 'মাইনাস টু' এর কথা বলতো, আসলে তারা 'মাইনাস ওয়ান' ফর্মুলা বাস্তবায়ন করে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিলো বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। রোববার লন্ডনে বিএনপি যুক্তরাজ্য শাখার কর্মী সমাবেশে বক্তৃতায় খালেদা এসব কথা বলেন। স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) খালেদা লন্ডনের গ্রোভনোর হাউজ হোটেলে পৌঁছলে দলের দলের নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সন্ধ্যার দিকে খালেদা জিয়া হোটেলের গ্রেট হলে সমাবেশে প্রায় ৫৫ মিনিট বক্তব্য রাখেন। এ সময় হল ছিলো কানায় কানায় পূর্ণ। হলের বাইরেও কর্মী-সমর্থকদের ভিড় ছিলো। যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেন। তবে সমাবেশে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান উপস্থিত ছিলেন না। সাত দিনের সফরে রোববারই লন্ডন পৌঁছলেন খালেদা। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র যাবেন। আগামী ২৯ মে তার দেশে ফেরার কথা রয়েছে। খালেদা জিয়া তার বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সীমান্ত সমস্যা, সংবিধানের সংশোধনী, যুদ্ধাপরাধীদের বিচার, বিচার বিভাগে দলীয়করণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, "ফখরুদ্দীন ও মইন- এর ষড়যন্ত্রের ফসল হলো এ আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ নিজেরাই সেকথা স্বীকার করে নিয়েছে। কারণ, তারাই বলেছিলো, ফখরুদ্দীন-মইন এর সরকার তাদের আন্দোলনের ফসল।" খালেদা বলেন, "ফখরুদ্দীন ও মইন ইউ আহমেদ নিজেদের পিঠের চামড়া বাঁচাতে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। ২০০৮ সালের এই নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপি যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু, শমসের মবিন চৌধুরী, ওসমান ফারুক, মহিদুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম। মইন ইউ আহমেদকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, সে সময় ব্যবসায়ীদের ধরে ধরে জেলে নেওয়া হয়েছে আর তাদের ওপর জুলুম চালিয়ে টাকা আদায় করা হয়েছে। আইন অনুযায়ী বিচার হলে মইন ইউ আহমেদ এবং ফখরুদ্দীনের শাস্তি হবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। মইনকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, দুর্নীতি না করলে দুই বার সংসদীয় কমিটি ডেকে পাঠালো, তাদের সামনে হাজির হচ্ছেন না কেন? দেশ ছেড়ে পালিয়ে গেলেন কেন? খালেদা জিয়া বলেন, "মইন দেশে রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। এ জন্যই 'জাগো বাংলাদেশ' গঠন করা হয়েছিলো। কিন্তু বেঈমানরা আল্লাহর তরফ থেকে যেমন কোনো সহযোগিতা পায় না, তেমনি জনগণের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। তাই মইনের সেই খায়েশ পূর্ণ হয়নি।" তারেক রহমান ও বিএনপি'র নেতাদের নামে দুর্নীতির অভিযোগকে মিথ্যা অভিহিত করে খালেদা জিয়া বলেন, বিদেশি সহযোগীদের মাধ্যমে গণমাধ্যমকে টাকা দিয়ে এসব প্রচারণা চালানো হয়েছে বিএনপিকে ধ্বংস করার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৪১০ ঘ.