ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ 'দুরভিসন্ধিমূলক' বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার বিকালে এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।
তিনি বলেন, "দেশে সংবিধান নিয়ে কোনো বিতর্ক ছিলো না। সরকার পরিকল্পিতভাবেই এ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। এগুলো সবই সরকারের ষড়যন্ত্র। পঞ্চম, সপ্তম ও এয়োদশ সংশোধনী বাতিল সেই ষড়যন্ত্রেরই অংশ।''
সরকারকে পদত্যাগ করে অবিলম্বে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা'র ঢাকা মহানগর শাখা 'ফারাক্কা বাঁধ অভিমুখে মাওলানা ভাসানীর লং মার্চ' স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে।
ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ১৯৭৬ সালের ৭ মে ভাসানী এই বাঁধ অভিমুখে লং মার্চ করেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সংশোধনের নামে সরকার এরই মধ্যে সংবিধান কাটাছেড়া করে তছনছ করে ফেলেছে। বাংলাদেশকে একটি 'অকার্যকর ও দুর্বল রাষ্ট্রে' পরিণত করার উদ্দেশ্যেই এসব করা হচ্ছে।
সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ার তিনি বলেন, সাবেক সামরিক শাসক এইচএম এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। তাকে নিয়েই আওয়ামী লীগ মহাজোট করেছে। তাই আদালতের রায়ের পর তাদের (সরকারের) উচিত নৈতিক কারণে পদত্যাগ করা।
গত বছরের ২৬ অগাস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেইসঙ্গে এইচ এম এরশাদের সামরিক শাসনকেও সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত।
রায়ে বলা হয়, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের জারি করা সামরিক শাসন, এর পর থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারি করা সব সামরিক আদেশ, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, সামরিক আইন আদেশ ও সামরিক আইন নির্দেশ অবৈধ।
এতে আরো বলা হয়, জেনারেল এরশাদ জিয়ার উত্তরসূরি হিসেবে বিচারপতি সাত্তারের কাছ থেকে ক্ষমতা দখল করে সংবিধান স্থগিত করেন।
খন্দকার মোশতাক আহমেদ ও জেনারেল জিয়া সামরিক ফরমান বলে মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধানের যে মূল নীতি করা হয়েছিলো তা পরিবর্তন করেন।
১৯৮৬ সালে সংসদ গঠিত হলে ওই সংসদে এরশাদের সমস্ত সামরিক ফরমান ও কাজের বৈধতা দিতে সপ্তম সংশোধনী পাস করা হয়।
সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবির কথাও পুনরুল্লেখ করেন।
এ প্রসঙ্গে এই বিএনপি নেতা সরকারকে আবারো সতর্ক করে দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে নির্বাচন মেনে নেওয়া হবে না। কোনো দলের পছন্দের ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। ওই পদে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।
মাওলানা ভাসানীর কর্মময় জীবনের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ফারাক্কার প্রভাবে বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটেছে। এবার টিপাইমুখে বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত। অথচ এসব বিষয়ে সরকার নিশ্চুপ।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাচ্ছে না। সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। আর 'নতজানু' পররাষ্ট্রনীতির কারণে বর্তমান সরকার এর প্রতিবাদ করতে পারছে না।
কলকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষা করতে ভারত ১৮ মাইল উজানে মনোহরপুরের কাছে ফারাক্কা বাঁধ নির্মাণ করে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবেশের ওপর এই বাঁধের বিরূপ প্রভাব পড়েছে, বিশেষ করে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মহানগর সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান, সহসভাপতি মহিউদ্দিন বাবলু, এ কে এম আনোয়ার হোসেন, খন্দকার আবিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24