ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মতিউর রহমান নিজামীকে 'হুমকি-ভয়ভীতি' দেখানোর অভিযোগ এনেছেন নিজামীর আইনজীবী।
ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তা এম সানাউল হক জামায়াতে ইসলামীর আমীর নিজামীকে জিজ্ঞাসাবাদের সময় 'হুমকি-ভয়ভীতি' দেখিয়েছেন উল্লেখ করে এ অভিযোগ রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছেন নিজামীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
আবেদনে বলা হয়, গত ৫ মে জিজ্ঞাসাবাদের সময় আইন ও ট্রাইব্যুনালের আদেশ লঙ্ঘন করে নিজামীকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। পাশাপাশি আইনজীবীর সঙ্গে তাকে পরামর্শের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে নিজামী তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন- গণমাধ্যমে সানাউল হকের এমন বক্তব্যকে মিথ্যা বলে অভিহিত করে আবেদনে বলা হয়েছে, "প্রকৃতপক্ষে তিনি এ ধরনের স্বীকারোক্তি দেননি।"
"আন্তর্জাতিক অপরাধ আদালতের বিধি-১৪ অনুযায়ী তদন্ত সংস্থা কর্তৃক প্রাপ্ত তথ্য গোপনীয় বলে বিবেচিত। তদন্তকারী কর্মকর্তা তা গণমাধ্যমে প্রকাশ করে আইন লংঘন করেছেন।"
আবেদনে সানাউল হকের শাস্তি দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এএল/পিডি/১৮৪৯ ঘ.
bdnews24