২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন রায় পর্যালোচনায় বসছে সংসদীয় বিশেষ কমিটি

সংবিধানের বিভিন্ন সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় পর্যালোচনা করতে সোমবার বৈঠকে বসবে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের বিভিন্ন সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় পর্যালোচনা করতে সোমবার বৈঠকে বসবে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। রোববার সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায় দেওয়ার পর কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা জানান। সংসদ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, "সাম্প্রতিককালে যেসব জাজমেন্ট এসেছে, সব বিষয় কমিটি পর্যালোচনা করবে।" সোমবার সকাল ১১টায় সংসদ ভবনে বিশেষ কমিটির ২৪তম সভা হবে। সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ই রোববার বহাল রাখে আপিল বিভাগ। এতে সামরিক শাসক এরশাদের শাসনকাল অবৈধ ঘোষণা করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "পঞ্চম সংশোধনী বাতিল করে আদালত যেদিন রায় দিয়েছেন, সেদিনই সপ্তম সংশোধনীর ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। একটি সামরিক শাসন অবৈধ হবে, আরেকটি বৈধ থাকবে, তা হয় না।" এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, "এরশাদ মহাজোটের শরিক, এটা যেমন ঠিক, তেমনি মহাকোর্টের রায়ও ঠিক। এটা মানতে বাধ্য।" এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক সাংবাদিকদের বলেছেন, এরশাদ যেহেতু মহাজোটের শরিক, তাই তার বিষয়ে সংসদ কী সিদ্ধান্ত নেয়, তারা সেটি দেখার অপেক্ষায় আছেন। গত বছরের ২ ফেব্র"য়ারি পঞ্চম সংশোধনী বাতিল করে আদালত চূড়ান্ত রায় দিলে জিয়াউর রহমানের শামরিক শাসন অবৈধ হয়ে যায়। এরপর ২৬ অগাস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সপ্তম সংশোধনীকে সংবিধান পরিপন্থী ঘোষণা করে রায় দেয়। এতে এরশাদের ক্ষমতা দখল এবং তার শাসনকাল অবৈধ হয়ে যায়। সর্বশেষ গত বুধবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট। তবে এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেওয়া হয়। সর্বোচ্চ আদালত আরো বলেছে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে। গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন করে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। আগামী নবম অধিবেশনে সংবিধান সংশোধন সংক্রান্ত সুপারিশ উত্থাপনের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৮১০ ঘ.