২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে মাইলাম ও স্ট্যাকপোলের সাক্ষাত

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও অবসরপ্রাপ্ত লে. জেনারেল হেনরি সি স্ট্যাকপোল বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও অবসরপ্রাপ্ত লে. জেনারেল হেনরি সি স্ট্যাকপোল বৃহস্পতিবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা রাত সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদার সঙ্গে দেখা করেন। ১৯৯১ সালে দেশের উপকূলীয় অঞ্চলে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে ত্রাণ ও উদ্ধার তৎপরতায় লে. জেনারেল স্ট্যাকপোল যুক্তরাষ্ট্রের 'অপারেশন সি এঞ্জেল' এর নেতৃত্ব দেন। সাক্ষাতের পর স্ট্যাকপোল সাংবাদিকদের '৯১ সালে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 'অপারেশন সি এঞ্জেল' এর সফল কার্যক্রমের স্মৃতিচারণ করে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সহযোগিতা ও দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, ''বাংলাদেশের পেশাদার সামরিক বাহিনী, সরকারি কর্মকর্তা, এনজিওসহ সবার সহযোগিতায় আমরা সবাই মিলে একটি দুঃসাহসী কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলাম।'' ওই সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহযোগিতার জন্য তার প্রতি কতৃজ্ঞতা জানান করেন। সাক্ষাত শেষে বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী জানান, "এটি ছিলো সৌজন্য সাক্ষাত। '৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার সঠিক সিদ্ধান্তের কারণে ওই সময়ের প্রলয়ঙ্ককরী দুর্যোগ সফলভাবে মোকাবেলা এবং ব্যাপক প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছিলো।'' তিনি আরো জানান, দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়েও বিরোধী দলীয় নেতার সঙ্গে মতবিনিময় করেছেন মাইলাম ও স্ট্যাকপোল । খালেদার সঙ্গে সাক্ষাতের সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। আগামী ২১ মে খালেদা জিয়া যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১১৬ ঘ.