২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার হটাতে রাজপথে নামতে হবে: ফখরুল

সরকার হটাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার হটাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি সরকারকে পুরোপুরি 'ব্যর্থ' অভিহিত করে এ আহ্বান জানান। ফখরুল বলেন, "সরকার জাতীয় স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একে রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলনে নামতে হবে।" জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে 'তাঁত শিল্পের সমস্যা সমাধানে বর্তমান সরকারের ব্যর্থতা' শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান সংগঠনের সহসভাপতি শাকিল ওয়াহেদ সুমন। বিএনপি নেতা ফখরুল আওয়ামী লীগ সরকারকে জাতীয় পুঁজির বিকাশবিরোধী অভিহিত করে বলেন, "তারা জাতীয় স্বার্থ বিকিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে চুক্তি করেছে। জাতীয় পুঁজির বিকাশ যাতে না হয়, সে জন্য তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের দিয়ে শেয়ারবাজারে ধস নামিয়েছে। ৩৩ লাখ বিনিয়োগকারীকে সর্বস্বান্ত করেছে।" প্রশাসন ও বিচার বিভাগে দলীয়করণের মধ্য দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁত শিল্পের উন্নয়নে জিয়াউর রহমানের আমলে তাঁত বোর্ড ও সেরিকালচার বোর্ড গঠনের কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তাঁতি দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক সচিব আবু সোলায়মান চৌধুরী, তাঁতি দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২৫ ঘ.