২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইসি স্বাধীন হলে তত্ত্বাবধায়ক প্রয়োজন হবে না'

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও শক্তিশালী হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও শক্তিশালী হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। মঙ্গলবার মন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "স্বাধীনতা বজায় রেখে নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারে। নির্বাচন কমিশন বিগত উপজেলা ও পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার নজির রেখেছে।" মঙ্গলবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তবে এর আওতায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেওয়া হয়েছে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিলের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ এ রায় দেয়। সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে এ রায় এসেছে। আইনমন্ত্রী বলেন, "পার্শ্ববর্তী দেশেও এ ধরনের ব্যবস্থা নেই।" ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর তার ব্যক্তিগত প্রতিক্রিয়ায় এ কথা বলেন মন্ত্রী। "সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানকে সমুন্নত রাখতে সংবিধানের আলোকে বিশ্লেষণ করে ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত রায় দিয়েছে। কোর্ট হয়তো বিবেচনা করেছে যে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিৎ এবং অনির্বাচিতদের দ্বারা রাষ্ট্র পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।" মন্ত্রী বলেন, "আপিল বিভাগ দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এবং সাবেক প্রধান বিচারপতি ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে না রাখার পক্ষে মত দিয়েছে। এসব মতামত সংসদ স্বাধীনভাবে প্রজ্ঞার স্েঙগ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে রায়ে উল্লেখ আছে।" রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিতব্য পরবর্তী নির্বাচনগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না বলে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন শফিক আহমেদ। তিনি বলেন, "সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি সংবিধানে আরো কী কী সংযোজন, বিয়োজন ও পরিবর্তন করা যায় সে ব্যাপারে প্রতিবেদন তৈরি করে সংসদে পেশ করবে। সংসদ সংবিধান সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮০৮ ঘ.