ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার রায়ের প্রতিক্রিয়ায় মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এই রায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিতর্কের অবসানে সহায়ক হবে। আর সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, এই রায় যুক্তিযুক্ত ও সঠিক।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিলের শুনানি শেষে আপিল বিভাগ মঙ্গলবার সকালে রায় ঘোষণা করে। এতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হলেও শান্তিশৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী দুটি সাধারণ নির্বাচন এ পদ্ধতিতেই করার কথা বলা হয়।
একইসঙ্গে বিচার বিভাগকে এর সাথে না জড়ানোর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করা হয়। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে।
রায়ের পর রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বির্তক ছিলো, বিশেষ করে বিচার বিভাগকে সম্পৃক্ত করে যে বির্তকের সৃষ্টি হয়েছিলো- এই রায় তার বিকল্প খুঁজতে সহায়তা করবে।"
আর মুজাহিদুল ইসলাম সেলিম মনে করেন, আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা এবং তাতে বিচারপতিদের সম্পৃক্ত না করার বিষয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনা যুক্তিযুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি উত্থাপিত হয়- এরশাদ বিরোধী আন্দোলনের সময়। তিন জোটের রূপরেখা প্রস্তুত করার সময় পরের তিনটি নির্বাচন আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব করেছিলাম। নির্বাচনের ওপর জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতেই এই প্রস্তাব করা হয়েছিলো।"
সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কার করার যে নির্দেশনা আদালত দিয়েছে, তাও 'সঠিক' বলে মন্তব্য করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭৪২ ঘ.
bdnews24