বরিশাল, মে ১০ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলায় একই দলের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারসহ ১২ জনকে আসামি করে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় রাজনের ভাই শাহজাহান খান মামলাটি করেন বলে থানার ওসি জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।
সোমবার রাতে বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া ফেরিঘাটে হামলার শিকার হন রাজন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বরিশালের সাবেক মেয়র সরোয়ারের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ওসি জাহাঙ্গীর বলেছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24