২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে প্রতিপক্ষের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা আহত

বিএনপি নেতা হান্নান শাহ'র উপস্থিতিতে দলের কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজনকে প্রতিপক্ষ কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

বরিশাল, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা হান্নান শাহ'র উপস্থিতিতে দলের কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজনকে প্রতিপক্ষ কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর কীর্তনখোলা নদীর চরকাওয়া ফেরিঘাটে এ হামলা হয়। গুরুতর আহত রাজনকে (৪৫) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার ১৫/২০ মিনিট পর বরিশাল সার্কিট হাউজে হান্নান শাহ'র সামনেই প্রতিপক্ষ গ্র"প মারধর করে মহানগর যুবদলের সহ-সভাপতি রুস্তম মল্লিককে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ'র ভোলা থেকে নগরীতে আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা চরকাওয়া ফেরিঘাটে সমবেত হন। হান্নান শাহ'র গাড়িবহর সার্কিট হাউজের দিকে যাত্রা করার মুহূর্তে যুবদল ও ছাত্রদলের ১৫/২০ সদস্য রাজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রাত পৌনে ১১টার দিকে হান্নান শাহ হাসপাতালে রাজনকে দেখতে যান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটেছে। দলীয়ভাবে এর বিচার করা হবে।" তবে তিনি হামলাকারীদের চিনতে পারেননি বলে জানান। হান্নান শাহ আরো বলেন, এখন রাজনের শরীরে সেলাই চলছে। ডাক্তাররা বলেছেন তার অবস্থা শঙ্কামুক্ত। অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়ার আগে রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবদল ও ছাত্রদলের কয়েকজন 'সন্ত্রাসী' তার উপর হামলা চালায়। বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি ঘটনা শুনেছেন। তবে পুরো বিষয়টি জানতে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৪৫ ঘ.