মাদারীপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে কালকিনি উপজেলার সিডিখান এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে এই সংঘর্ষকালে উভয়পক্ষই ব্যাপক বোমাবাজি করে। তারা প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়।
পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে, লাঠিপেটা ও ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে পুলিশের পাঁচজন সদস্য রয়েছেন।
কালকিনি থানার ওসি শাহীন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিডিখান ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আ. মান্নান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী কাওসার হাওলাদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
সোমবার দুপুরে সিডিখান বাজারে এই দুজনের কয়েকজন সমর্থকের মধ্যে নির্বাচনী বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। প্রায় দুঘণ্টা ধরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় শতাধিক বোমার বিষ্ফোরণ ঘটে।
আহতদের মধ্যে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, এসআই ফায়েকুজ্জামান, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল শাহ আলম ও রকিব রয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত রুবিনা, মুসলিমা, আকবার হোসেন, সানাউল্লাহ, রিপন বেপারী ও সোহানকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ওদিকে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কালাই সরদারের চর ও খুনের চর গ্রামে বাদল বাহিনীর হামলার জবাবে প্রতিদ্বন্দ্বী কাশেম বাহিনী সোমবার ভোর রাতে বাদল বাহিনীর লোকজনের উপর হামলা চালায়।
কাশেম বাহিনী এ সময় প্রায় ৩০টি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।
উল্লেখ্য, বাদল বাহিনী রোববার সকালে কালাই সরদারের চর ও সমিতির হাট, মহিরদ্দির চর ও কাজীকান্দি গ্রামে প্রতিপক্ষের অন্তঃত ৫০টি বাড়িতে হামলা ও লুটপাট চালায়। হামলায় নারী ও শিশুসহ ২০ জন আহত হয়।
এই দুই সন্ত্রাসী বাহিনীর হামলা-পাল্টা হামলার ঘটনায় কালাই সরদারের চর ও খুনের চর গ্রামের পুরুষরা প্রাণভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে।
কালকিনি থানার ওসি শাহীন মণ্ডল এ ব্যাপারে বলেন, "বাদল বাহিনী ও কাশেম বাহিনী যাতে এলাকায় আর কোন ধরনের নৃশংস ঘটনা ঘটাতে না পারে সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।"
মাদারীপুরের পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো কালকিনির দুর্গম কয়েকটি ইউনিয়ন। বিশেষ করে এনায়েতনগর, আলীনগর ও সিডি খান। এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিন্ত্রয়ণে রাখতে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০৯ ঘ.
bdnews24