২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তম সংশোধনী: আপিলের শুনানি অব্যাহত

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চে এই শুনানি চলছে। আপিলকারী সিদ্দিক আহমেদের আইনজীবী হাসান এম এস আজিম সোমবার শুনানিতে হাইকোর্টের রায় পড়ে শোনান। অপর আইনজীবী সৈয়দ আমিরুল ইসলাম বলেন, হাইকোর্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে। তাই সামরিক আইনে সিদ্দিক আহমেদকে যে দণ্ড দেওয়া হয়েছে, তাও অবৈধ। হাইকোর্টের রায়ে এটা বলা হয়নি। এরপর আদালত এই মামলার অ্যামিকাস কিউরি হিসাবে ব্যারিস্টার রফিক-উল হকের ব্যক্তব্য জানতে চাইলে এই আইনজীবী জানান, তিনি তা আদালতে জমা দেবেন। অপর অ্যামিকাস কিউরি মাহমুদুল ইসলাম বলেন, দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্ট অতীতে মার্শাল ল'কে সংবিধানের ওপরে স্থান দিয়েছে। তিনি পরামর্শ দেন, সাজা বাতিল সংক্রান্ত এ আবেদন আদালত সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী শুনতে পারে। সুপ্রিম কোর্ট চাইলে রিভিউও করতে পারে। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, সিদ্দিক আহমেদকে যে মামলায় দণ্ড দেওয়া হয়েছিল, এক সময় তা ছিল দায়রা আদালতের বিচারাধীন। পরে এ মামলা মার্শাল ল'র অধীনে নিয়ে বিচার করা হয়। এই আইন কর্মকর্তার মতে, আদালত এই মামলাকে মার্শাল ল'তে নেওয়া, বিচার প্রক্রিয়া এবং দণ্ড প্রদানকে অবৈধ ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে মামলাটি পুনর্বিচারের জন্য নিু আদালতে পাঠাতে হবে। তা না হলে ন্যায় বিচার হবে না, কারণ এটি একটি হত্যা মামলা। এই পর্যায়ে আদালত শুনানি মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করে। সোমবার এই মামলায় ব্যরিস্টার মো. আমীর-উল ইসলামকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দেওয়া হয়। অপর অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসিও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। একটি হত্যা মামলায় সামরিক আদালতে সাজাপ্রাপ্ত সিদ্দিক আহমেদ হাইকোর্টে রিট আবেদন করলে গত বছরের ২৬ অগাস্ট সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে আদালত। কিন্তু রায়ে সিদ্দিকের সাজা বহাল থাকে। এরপর গত ১১ এপ্রিল হাইকোর্টের রায়ের অংশ বিশেষের বিরুদ্ধে আপিল করেন সিদ্দিক। চেম্বার বিচারপতি আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আদালতের নির্দেশ অনুসারে সিদ্দিক গত ৭ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮২৫ঘ.