২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে বিএনপির দুটি পক্ষ সভা ডাকায় সুনামগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 08:44 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সুনামগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে বিএনপির দুটি পক্ষ সভা ডাকায় সুনামগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুর ৩টায় শহরের স্টেডিয়াম এলাকায় জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া সমাবেশ ডাকেন। ওই স্থানে একই সময়ে সাধারণ সম্পাদক কলিম উদ্দিন মিলনের পক্ষ থেকেও সমাবেশ করার ঘোষণা দেয়। ফলে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে সুনামগঞ্জের জেলা প্রশাসক ফয়জুর রহমান জানান। তিনি বলেন, সোমবার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান সাংবাদিকদের জানান, সমাবেশস্থল সহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে স্টেডিয়াম এলাকায় ১৪৪ ধারা জারি করায় কলিম উদ্দিন মিলনের পক্ষের লোকজন শহরের বাইরে হাছন রাজা তোরণ এলাকায় সমাবেশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪০ ঘ.