২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা যুক্তরাজ্য যাচ্ছেন ১৪ মে, তারেকের সঙ্গে কিছু সময় কাটাবেন

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আগামী ১৪ মে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকালে তিনি লন্ডনে চিকিৎসাধীন বড়ো ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আগামী ১৪ মে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকালে তিনি লন্ডনে চিকিৎসাধীন বড়ো ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে যাবেন। পরে সেখান থেকে ২১ মে খালেদা যুক্তরাষ্ট্র সফরে যাবেন। বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা প্রথমবারের মতো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিঙে দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আগামী ১৪ মে থেকে ২১ মে পর্যন্ত যুক্তরাজ্য এবং ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করবেন। যুক্তরাষ্ট্র সফর শেষে ২৭ মে দেশের উদ্দেশে রওনা হয়ে ২৯ মে তিনি ঢাকায় পৌঁছবেন।" সাবেক এই পররাষ্ট্র সচিব জানান, লন্ডনে অবস্থানকালে খালেদা তার বড়ো ছেলের সঙ্গে কিছু সময় কাটাবেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারেক রহমান চিকিৎসার জন্য লণ্ডন যান। সেসময় থেকে লণ্ডনে তার চিকিৎসা চলছে। এই দুই দেশ সফরকালে বিএনপি চেয়ারপারসন সেসব দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিজ দলের অবস্থান ব্যাখ্যা করবেন। প্রবাসী বাংলাদেশীদের সঙ্গেও মত বিনিময় করবেন খালেদা। বিরোধী দলীয় নেতার এই সফর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন শমসের মবিন চৌধুরী। তিনি আরো জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে খালেদার সফরসঙ্গী হিসেবে থাকছেন তার উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, তার প্রেস সচিব মারুফ কামাল খান, খালেদার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ ও শাহ শরীফ কামাল তাজ। তবে লণ্ডন সফরে সাংবাদিক শফিক রেহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও মুসফিক ফজল আনসারীও খালেদার সঙ্গে থাকবেন বলে জানান শমসের মবিন চৌধুরী। প্রেস ব্রিফিঙে দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২৬ ঘ.