ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুদ্ধিজীবী ও সম্পাদকদের বিরুদ্ধে দুই রকম কথা বলার অভিযোগ এনেছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম।
তার দাবি, বিরোধী দলের সঙ্গে মতৈক্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের কোনো প্রস্তাব বুদ্ধিজীবী ও সম্পাদকেরা কমিটির সঙ্গে বৈঠকে দেননি। তারা ওই প্রস্তাবের বিষয়ে কথা বলেছেন বৈঠকের বাইরে, সাংবাাদিকদের সঙ্গে।
রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) এই বিক্ষোভ সমাবেশ ডাকে।
গত ৩ মে দেশের বিশিষ্ট ব্যক্তি ও ৪ মে বিভিন্ন দৈনিকর সম্পাদকদের সঙ্গে বসে তাদের মতামত নেয় সংাবিধান সংশোধন কমিটি। বৈঠক শেষে আমন্ত্রিতরা সাংবাদিকদের জানান, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলকে সম্পৃক্ত করা ছাড়াও বিভিন্ন বিষয়ে নিজেদের সুপারিশ তুলে ধরেছেন তারা।
এ বিষয়ে শেখ সেলিম বলেন, "এই কথা তারা কমিটিতে বলেননি। তারা বাইরে এসে তা বলছেন।"
জিয়াউর রহমান ও হুসাইন মুহাম্মদ এরশাদ যখন সামরিক অধ্যাদেশ জারি করে সংবিধান সংশোধন করেছিলেন- তখন এই 'বুদ্ধিজীবীরা' কোথায় ছিলেন, তাও জানতে চান তিনি।
শেখ সেলিম বলেন, "সামরিক সরকাররা বার বার সংবিধানকে কাটাছেড়া করেছে। এখন তা সংশোধন আমাদের দায়িত্ব হয়ে পড়েছে।"
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য বলেন, "আমরা এমনভাবে সংবিধান সংশোধন করছি- ভবিষ্যতে যাতে কোনো অবৈধ বা সামরিক জান্তা ক্ষমতায় আসতে না পারে। আর, যদি ক্ষমতায় আসেও, তা হলে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের সর্বোচ্চ শাস্তি হবে। সে শাস্তি মৃত্যুদণ্ড।"
বিরোধী দলের এখনো প্রস্তাব রাখার সুযোগ করেছে মন্তব্য করে তিনি বলেন, "জনস্বার্থে কোনো প্রস্তাব থাকলে কমিটিতে এসে বলুন। আমরা তা গ্রহণ করবো।"
ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে- বিএনপির এ অভিযোগ প্রত্যাখ্যান করে সংবিধান সংশোধন কমিটির এই সদস্য বলেন, "আমরা নিজেদের স্বার্থে নয়, জনগণের জন্য 'জনগণের সংবিধান' বানাচ্ছি।"
বিএনপি সংবিধান সংশোধনে কমিশন গঠন বা গণভোটের যে দাবি তুলেছে- তাও নাকচ করে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম। তিনি বলেন, "গণভোট বা কমিশন গঠনের কোনো প্রয়োজন নেই। আমরা তা করবোও না।"
শেখ সেলিম জানান, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে এখন মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।
ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম প্রমুখ।
এ সমাবেশ মুক্তাঙ্গণে করার কথা থাকলেও রোববার সকালে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে যুবলীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২২০ ঘ.
bdnews24