ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এই আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বিস্তারিত জানান।
তিনি জানান, সাক্ষাতকালে ইউরোপীয় ইউনিয়নের দূতের সঙ্গে শিক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং দেশের দক্ষিণাঞ্চলে গৃহহীনদের আবাসন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন এবং তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জীবনমানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০১১ ঘ.
bdnews24