ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি (সংবিধান পরিষদ) গঠনের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ-সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
তিনি বলেন, "সংবিধান সংশোধন নিয়ে সরকার নাটক করছে। দেশের সংবিধান সংশোধনের এখতিয়ার বর্তমান সরকারের নেই। তাই সরকারকে বলব, পদত্যাগ করে অবিলম্বে সংসদ ভেঙ্গে দিন।"
একই সঙ্গে পূর্বঘোষণা অনুয়ায়ী মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আগামী ৯ মে মুক্তাঙ্গনে সমাবেশ করারও ঘোষণা দেন এই বিএনপি নেতা।
গত ৬ এপ্রিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। জনদুর্ভোগ সমাধানের দাবিতে গত ১৮ এপ্রিল ওই কর্মসূচি শুরু হয়।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুঁজিবাজারে কারসাজির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিএনপি এই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে।
দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মুহিবুল হকের কাছে স্মারকলিপি দেন। একইভাবে সাাদেশে জেলা প্রশাসকদের কাছে বিএনপি স্মারকলিপি দেয়।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশকে একটি 'অকার্যকর' রাষ্ট্রে পরিণত করতে সরকার সংবিধান 'ছিন্নভিন্ন' করছে। দেশে কোন সংবিধান কার্যকর রয়েছে- জনগণ তা জানে না।
"আমরা '৭২ সালের সংবিধানে না খসড়া সংবিধানে আছি- তা অস্পষ্ট। বিশেষ সংসদীয় কমিটি উচ্চ আদালতের রায়ের ৯ মাস পর সংবিধান সংশোধনে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের মতামত নিতে তাদের সঙ্গে বৈঠক করছে। তারা (বিশেষ কমিটি ) নাটক করছেন," যোগ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন পূঁজিবাজারে অস্থিরতা নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রকাশিত প্রতিবেদন থেকে কারো কারো নাম বাদ দেওয়া হয়েছে। অনেক জায়গায় কোম্পানির নাম আছে, মালিকের নাম নেই। প্রতিবেদনে কাটছাট করা হয়েছে।
তিনি পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
খন্দকার মোশাররফ এও দাবি করেন যে, ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটি ছিলো সরকারের 'লোক দেখানো' উদ্যোগ। সরকার পরিকল্পিতভাবেই ৩৩ লাখ বিনিয়োগকারীর অর্থ লুন্ঠন করেছে।
পূঁজিবাজারে অস্থিরতার জন্য তদন্ত কমিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে যেভাবে দায়ী করেছে তার সঙ্গে দ্বিমত পোষণ করেন সাবেক এই মন্ত্রী।
তিনি আরো বলেন, "পুঁজিবাজার কেলেঙ্কারিতে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত রয়েছে। সর্বোপরি এর জন্য দায়ী সরকারই।''
স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার দাবি করেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নন, আওয়ামী লীগই চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে 'ছিন্নভিন্ন' করেছে।
মির্জা ফখরুলের সভাপতিত্বে সমাবেশে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ পরিচালনা করেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24