২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারী নীতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা হচ্ছে'

নারী উন্নয়ন নীতি নিয়ে ইসলামী কয়েকটি দলের বিরোধিতার মধ্যেই মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী বলেছেন, এ নীতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি নিয়ে ইসলামী কয়েকটি দলের বিরোধিতার মধ্যেই মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী বলেছেন, এ নীতি বাস্তবায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নারী নীতি সংশোধনের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "নীতিমালায় কুরআন-সুন্নাহ বিরোধী কিছু নেই। যারা নারী নীতিমালার বিরোধিতা করছে, তারা না বুঝেই তা করছে। সরকার নারী নীতিমালা বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিচ্ছে।" নারী উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে রাষ্ট্রদূত মরিয়ার্টি বলেন, নারীদের উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। "খাদ্য নিরাপত্তা ও প্রজনন স্বাস্থ্যসেবায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার উল্লেখযোগ্য অগ্রগ্রতি করেছে", বলেন তিনি। কয়েক মাস আগে নারী উন্নয়ন নীতি মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পরপরই এর বিরোধিতায় নামে বিএনপির মিত্র হিসেবে পরিচিত কয়েকটি ইসলামী দল। নারী ও পুরুষের সমঅধিকারের বিরোধিতা করে হরতালও ডাকে তারা, যদিও তার পক্ষে সমর্থন খুব একটা দেখা যায়নি। সরকার বলে আসছে, নারী নীতিতে কুরআন-সুন্নাহ বিরোধী কিছু না থাকলেও তা নিয়ে অপপ্রচার চলছে। অন্যদিকে কয়েকটি নারী সংগঠনের দাবি, সরকার গৃহীত নারী নীতিতে সম্পত্তিতে নারীদের উত্তরাধিকারের বিষয়টি নিশ্চিত করা হয়নি, যা এর দুর্বল দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৬১০ ঘ.