২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের অর্থ পাচারসুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন

অর্থ পাচারের মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। গত ৯ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওই রায়ে বলা হয়, তারেকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি ২০০৯ সালের আইনের পরিবর্তে ২০০২ সালের আইনে চলতে পারে। ওই রায় 'অস্পষ্ট' দাবি করে সোমবার তারেক রহমানের পক্ষ থেকে তা পুনর্বিবেচনার আবেদন করা হয়। তারেকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ আবেদন করা হয়েছে।" ২০০২ সালের আইনে মামলা করার ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই- এমন দাবি করেন খোকন বলেন, "সেই এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের। অথচ এর বাদী হিসাবে রয়েছে দুদক। তাই মামলাটি কীভাবে চলবে- সে বিষয়ে রায়ে কিছু বলা হয়নি।" তিনি বলেন, "২০০৭ সালের আইনে দুদক মামলা করতে পারলেও এই আইনটি হয়েছে অর্ডিনেন্সের মাধ্যমে। যা নির্বাচনের পরে অনুমোদিত হয়নি। তাই এ আইনেও মামলা চলতে পারে না।" ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদী হয়ে তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ওই বছরের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। মামলায় অভিযোগ করা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই অর্থ নেন বলে এজাহারে উল্লেখ করা হয়। সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর সিটি ব্যাংক এনএ'র ক্যাপিটাল স্ট্রিট শাখায় মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা) জমা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেককে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৯৪৩ ঘ.