গাজীপুর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রোববার গাজীপুরে শ্রমিক দলের সমাবেশে যোগ দেবেন।
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি কলেজ মাঠে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল মে দিবস উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করেছে। এতে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে।
গাজীপুর জেলা বিএনপি'র সভাপতি একেএম ফজলুল হক মিলন সাংবাদিকদের জানান, রোববার শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সমাবেশে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, শ্রমিক দলের সভাপতি ও স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসনাতসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন সরকার।
এদিকে টঙ্গীব্রিজ থেকে কোনাবাড়ির অনুষ্ঠানস্থল পর্যন্ত সড়ক-মহাসড়কের দু'ধারে সাবেক রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দের ছবিসহ সহস্রাধিক বিল-বোর্ড, ব্যানার ও তোরণ নির্মাণ করা হয়েছে।
এই সমাবেশ উপলক্ষ্যে স্থানীয় বিএনপি শনিবার দুপুরে জেলা শহরে ও ভাওয়াল কলেজ ছাত্রদল চান্দনা চৌরাস্তা এলাকায় শুভেচ্ছা মিছিল ও সভা করেছে।
এসব মিছিল ও সভায় গাজীপুর জিয়া পরিষদের সভাপতি ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ প্রিন্স, নাজিম উদ্দিন, সুরুজ আহমেদ, ছাত্রদল নেতা হান্নান মিয়া, মনিরুল ইসলাম মনির, মুসা চৌধুরী, সামশুল ইসলাম আসাদুজ্জামান প্রমুখ অংশ নেন।
শনিবার সকালে জেলা বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদক ও দলের নেতারা সমাবেশস্থল পরিদর্শণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৫ ঘ.
bdnews24