ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি সিনএনজি স্টেশনে হামলার অভিযোগে ঢাকার ধানমণ্ডি থানা ছাত্রলীগের সভাপতি নাজিমউদ্দিন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাবুকে কলাবাগানে তার বাসা থেকে শনিবার সকালে গ্রেপ্তার করা হয় বলে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তার বিরুদ্ধে পরিবাগ এলাকায় একটি সিএনজি স্টেশনে হামলা ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। ওই স্টেশনের কর্মচারী আমিনুল ইসলাম একটি মামলা করেছেন বাবুর বিরুদ্ধে।
ওসি রেজাউল বলেন, গত ২৮ এপ্রিল রাতে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় সিরিয়াল ভাঙলে শাহজাহান গ্যাস ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারীদের সঙ্গে গাড়িচালকের কথা কাটাকাটি হয়। ওই সময় গাড়িতে ছিলেন বাবুর স্ত্রী।
এরপর বাবুর নেতৃত্বে এক দল যুবক এসে সিএনজি স্টেশনে ভাংচুর ও লুটপাট চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24