মাসুম বিল্লাহ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিকতার প্রভাবের পাশাপাশি টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়েছিলো বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংগঠনটির কয়েকজন নেতার কথায় স্পষ্ট হয়েছে।
মঙ্গলবার ভোরে হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রলীগের সংঘর্ষ ও গোলাগুলিতে আহত হয় অর্ধশতাধিক। সংঘর্ষের পর ওই হলের ১১ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা। হল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে।
হলের ছাত্ররা বলছে, হল সভাপতি শেখ মুহাম্মদ আলীর অনুসারী তিনটি পক্ষ সক্রিয়। এর মধ্যে দুটি পক্ষ জোট বেঁধে মঙ্গলবার অন্য পক্ষের ওপর হামলা চালায়।
সংঘর্ষে অংশ নেওয়া তিনটি পক্ষ একেকটি অঞ্চলের প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আঞ্চলিকতার প্রভাব বিস্তারের জন্য তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সদ্য বহিষ্কৃত হল সভাপতি শেখ মুহাম্মাদ আলীও মনে করেন, আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠায় তার সংগঠনের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
হলের ছাত্ররা জানায়, তিনটি পক্ষই মুহাম্মাদ আলীর পৃষ্ঠপোষকতা পেতো। তবে তাদের একেক পক্ষ একেক অঞ্চলের ছিলো। এক পক্ষ অন্যের ওপর প্রভাব বিস্তার করতে চাইতো।
মঙ্গলবারের সংঘর্ষে জড়িত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি যশোর গ্র"প, যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন সোহাগ এবং সহ-সম্পাদক আবু বকর সিদ্দিকী রাহাত ফরিদপুর গ্র"পকে নেতৃত্ব দিতো বলে হলের ছাত্রলীগকর্মীরা জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদের মধ্যে মাহি গ্র"পের কর্মী সংখ্যা বেশি হলেও সংঘর্ষের জন্য তাদের প্রস্তুতি ছিলো না।"
বহিষ্কৃত হল সভাপতি আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাহির অনুসারী বেশি হওয়ায় তারা হলে ও ক্যাম্পাসে স্বেচ্ছাচারমূলক কাজ করতো। সে বেশির ভাগ সময় আমাকে এবং সাধারণ সম্পাদককে মানতো না। তাদের স্বেচ্ছাচারমূলক কাজে অতিষ্ঠ হয়ে অন্যরা মিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে।"
তার কথার সায় পাওয়া যায় হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেও। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংখ্যাধিক্যের কারণে হল ক্যান্টিনে ফাও খাওয়া, সাধারণ ছাত্রদের মারধরসহ অনেক ধরনের অপকর্মে জড়িত মাহির সমর্থকরা।
সংঘর্ষের নেপথ্যে চাঁদাবাজিও যুক্ত বলে হল শাখা ছাত্রলীগের একজন সহসভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, "পহেলা বৈশাখে হল মাঠে গ্রামীণফোনের 'ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি' বাস্তবায়নের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় সভাপতি ও সাধারণ সম্পাদক। সে টাকার ভাগাভাগি নিয়ে মাহি গ্র"পের সঙ্গে সভাপতি-সাধারণ সম্পাদকের রেশারেশি চলছিলো।"
"পরে সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ওই অর্থের কিছু দিয়ে হল লাইব্রেরিতে বই কিনে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আবার বই প্রদান অনুষ্ঠানে অতিথি করার বিনিময়ে সাবেক কয়েকজন নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা সংগ্রহ করা হয়। এসব টাকার বাটোয়ারা নিয়ে মতভেদও সংঘর্ষের কারণ।"
গত ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে হল গ্রন্থাগারে প্রায় এক লাখ টাকার বই দেয় ছাত্রলীগ। তবে ওই অনুষ্ঠানে মাহি বা তার সমর্থকদের দেখা যায়নি।
তবে টাকা নিয়ে দ্বন্দ্বের কথা নাকচ করেন হল সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গ্রামীণের অনুষ্ঠান থেকে ৪০ হাজার টাকার মতো পাই। তার সঙ্গে সাবেক ছাত্রনেতাদের দেওয়া টাকা মিলিয়ে প্রায় এক লাখ টাকার বই গ্রন্থাগারে দিয়েছি। এর সঙ্গে সংঘর্ষের কোনো সম্পর্ক নেই।"
সংঘর্ষের বিষয়ে হল সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের দায় এড়াতে চাইলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, তাদের দুজনেরই যোগসাজশ রয়েছে।
সহকারী প্রক্টর আমজাদ সাংবাদিকদের বলেন, রাতে ছাত্রলীগের সব পক্ষের মধ্যে একটি সমঝোতা করে দেওয়া হয়। তখন সভাপতি ও সাধারণ সম্পাদক আশ্বাস দিয়েছিলো, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এরপর এত বড় একটি ঘটনা তাদের অগোচরে ঘটেছে বলে আমার মনে হয় না।"
এ বিষয়ে বহিষ্কৃত সভাপতি আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ও মহিউদ্দিন দুজনই এক সঙ্গে চট্টগ্রামে ছিলাম। আমরা মোবাইল ফোনে হলের গ্র"পগুলোকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১২ ঘ.
bdnews24