সিলেট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- সিলেটে মোবাইল ফোনে ফ্ল্যাক্সিলোডে বাড়তি একটাকা চাওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে নগরীর শেখঘাট মোল্লাপাড়া বাজারে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে স্থানীয় ছাত্রলীগকর্মী তারেক উদ্দিন, তায়েফ উদ্দিন ও ব্যবসায়ী শফিক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বলেন, তায়েফ আহমদ মোল্লাপাড়া বাজারে একটি দোকানে ১০ টাকার ফ্ল্যাক্সিলোড করানোর একটি ছেলেকে পাঠান। দোকানদার মিন্টু তার কাছে ১০ টাকা লোডের জন্য ১১ টাকা দাবি করলে ছেলেটি ফিরে গিয়ে তায়েফকে জানায়।
পরে এ নিয়ে তায়েফের সঙ্গে মিন্টুর কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসআই নারায়ণ দত্ত বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।
তারেক আহমদ বলেন, ফ্ল্যাক্সিলোডে বাড়তি টাকা কেন দাবি করছে জিজ্ঞেস করায় মিন্টু ও তার লোকজন হামলা চালিয়েছে।
দোকানদার মিন্টু জানান, ছাত্রলীগকর্মী তায়েফ ও তারেক প্রথমে তাদের উপর হামলা চালায়। পরে তারা প্রতিহত করেন।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.
bdnews24