২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাসানাতের অপহরণ ও মুক্তি হাসিনার নির্দেশেই'

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, তার ছেলেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তুলে নিয়ে যাওয়ার পর অবার তার আদেশেই ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 06:20 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, তার ছেলেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তুলে নিয়ে যাওয়ার পর অবার তার আদেশেই ফিরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টার পর লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় ইসলামী ঐক্যজোটের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, আমিনীর ছেলে আবুল হাসানাতকে শুক্রবার ভোরে রাজধানীর বকশি বাজার এলাকায় চোখ বাঁধা অবস্থায় রেখে যাওয়া হয়। আমিনী অভিযোগ করে আসছিলেন, গত ১০ এপ্রিল সাদা পোশাকের পুলিশ তার ছেলেকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ছেলেকে 'গুম' করা হয়েছে বলেও দাবি করে আসছিলেন তিনি। তবে পুলিশ বলে আসছিলো, ওই নামে কাউকে গ্রেপ্তার বা আটকের খবর তাদের কাছে নেই। শুক্রবার সকালে ছেলেকে নিয়েই সংবাদ সম্মেলনে হাজির হন আমিনী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনী বলেন, "কোরআনী আন্দোলনকে দমানোর জন্যই হাসানাতকে অপহরণ করা হয়েছিল।" প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনলেও আইনি ব্যবস্থা নেননি কেন জানতে চাইলে তিনি বলেন, "আমি এই আদালতে বিচার চাইবো না, আল্লাহর আদালতে বিচার চাইবো।" 'বাহিনীর লোক' আবুল হাসানাত সংবাদ সম্মেলনে বলেন, ১০ এপ্রিল ধোলাই খাল এলাকায় এক দোকানে বসে আইসক্রিম খাওয়ার সময় একটি গাড়ি এসে সেখানে থামে। দুজন লোক তাকে জোর করে গাড়িতে তোলে। "গাড়িতে অয়্যারলেস ও অস্ত্র দেখে আমার ধারণা হয়, তারা সরকারি লোক। আমাকে হাসতে দেখে তারা বলে, 'হাসতেছো, বুঝবা মজা।' এ কথা বলে আামর চোখ বেঁধে হাতকড়া পরিয়ে দেয় তারা।" হাসানাতের দাবি, দুই থেকে তিন ধাপ সিড়ি ডিঙিয়ে উঠতে হয় এমন একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল। সব সময় তাকে হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে রাখা হতো। অপহরণকারীদের পরিচয় বুঝতে পেরেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, "তারা আমাকে বোঝাতে চেয়েছে, তারা একটি বাহিনীর লোক।" "তারা আমাকে বার বার বলেছে- তোর বাবাকে দুই মাসের জন্য থামাতে পারবি? আমি বলেছি, আমিতো বাবাকে আটকে রাখতে পারবো না, তবে বলে দেখতে পারি। "প্রতিদিন আমাকে কয়েকবার করে জিজ্ঞেস করা হতো আমার শেষ ইচ্ছা কী?" আমিনীপুত্রের দাবি, শুক্রবার ভোরে ঘুম থেকে তুলে হাতকড়া পরিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে তাকে গাড়িতে তোলা হয়। এরপর নবকুমার ইনস্টিটিউটের মাঠে এনে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে তাকে বলা হয়, আধা ঘণ্টা পর তিনি যেন শ্বশুড় বাড়িতে চলে যান। এরপর মোবাইল ফোনে যোগাযোগ করলে তার শ্বশুরবাড়ির লোকজন এসে তাকে নিয়ে যায় বলে সাংবাদিকদের জানান তিনি। ছেলের 'মুক্তি' পাওয়ার বিষয়টি পুলিশকে জানাতে দেরি হয়েছে কেন জানতে চাইলে আমিনী সাংবাদিকদেও বলেন, "আমরা লালবাগ ও সূত্রাপুর থানায় আধা ঘণ্টার মধ্যে জানিয়ে দিয়েছি।" আমিনী বলেন, "আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অপহরণের কথা জানিয়ে নিরাপত্তার আবেদন করার পর একজন নাগরিক হিসেবেও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫৪৭ ঘ.

এ সম্পর্কিত আরো খবর