২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী পৌর মেয়রপ্রার্থী হারুনের রিট প্রত্যাহার

নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মো. হারুনুর রশিদ আজাদ নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে নিজের দায়ের করা রিট আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

নোয়াখালী, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মো. হারুনুর রশিদ আজাদ নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে নিজের দায়ের করা রিট আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। হারুনুর রশিদ আজাদের আইনজীবি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এই তথ্য নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রিট আবেদনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে মেয়র হিসেবে হারুনের নাম ঘোষনায় আইনগত আর কোন বাঁধা নেই।" গত ১৮ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচন চলাকালে ব্যালট ছিনতাই, নির্বচনী কর্মকর্তাদের মারধর সহ বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগে ২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭টির ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এ নিয়ে পরবর্তীতে কমিশনের নিজস্ব এবং বিচার বিভাগীয় পৃথক দুটি তদন্ত হয়। গত ৬ এপ্রিল নির্বাচন কমিশন স্থগিত ১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩টির (কেন্দ্রগুলো হচ্ছে অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়) ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়। বাকি ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ১৪ এপ্রিল। হারুনুর রশিদ আজাদ ওই তিনটি কেন্দ্রের ফলাফল প্রকাশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ১৩ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন। বিচারপতি মো. জিয়াউল করিম ও এএসএম বশির উল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই তিন ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণার ওপর তিন মাসের জন্য স্থগিতাদেশ দেয়। এদিকে গত শনিবার ১৪টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ওই ১৪ কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মহিউদ্দিন লাতুর চেয়ে ৬ হাজার ৩৯১ ভোটে এগিয়ে রয়েছেন। নোয়াখালী পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, ১৪ কেন্দ্রে হারুন পেয়েছেন ১১ হাজার ৫৬৭ ভোট এবং লাতু পেয়েছেন ৫ হাজার ১৭৫ ভোট। এর আগে গত ১৮ জানুয়ারি ঘোষিত ৮টি কেন্দ্রের ফলাফলে হারুনুর রশিদ আজাদ পেয়েছেন ২ হাজার ৫৮১ ভোট এবং গোলাম মহিউদ্দিন লাতু পেয়েছেন ৪ হাজার ৪৮২ ভোট। ৬ এপ্রিল ইসি'র বৈধতা পাওয়া ৩টি কেন্দ্রে হারুন পেয়েছেন ১ হাজার ২২৫ ভোট এবং লাতু পেয়েছেন ৩ হাজার ২৮১ ভোট। এনিয়ে পৌরসভার সবগুলো কেন্দ্রে (২৫ টি) হারুন পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট এবং লাতু পেয়েছেন ১২ হাজার ৯৩৮ ভোট। সবগুলো কেন্দ্র মিলে হারুনুর রশিদ আজাদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দী গোলাম মহিউদ্দিন লাতুর চেয়ে ২ হাজার ৪৩৫ ভোটে এগিয়ে রয়েছেন। কিন্তু নিজের দায়েরকৃত রিটের কারণে ভোটের ফলাফল অনুকুলে থাকলেও মেয়র হিসেবে ইসির আনুষ্ঠানিক ঘোষণা ঝুলে যায়। জেলা বিএনপি'র সাধারন সম্পাদক মো. হারুনুর রশিদ আজাদ এর আগে ২০০৪ সালের ১০ মে অনুষ্ঠিত নির্বাচনে নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন। প্রথম মেয়াদের নির্বাচিত মেয়র হিসেবে তিনি দায়িত্বে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২৬ ঘ.