ঝিনাইদহ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপায় ১৪৪ ধারা উপেক্ষা করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
সোমবার একটি হাট ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।
নিহত ব্যক্তি হচ্ছেন শৈলকুপা কাজীপাড়ার ইসাহাক মন্ডলের ছেলে আব্দুর রশিদ (৪০)।
শৈলকুপা শহরে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, সোমবার ছিলো হাটফাজিলপুর হাট ইজারার দরপত্র দাখিলের দিন। বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ শৈলকুপা উপজেলা পরিষদ কার্যালয়ে দরপত্র দাখিল করতে গেলে তাদের বিরোধী পক্ষ দরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হয়। তাদের ঠেকাতে গিয়ে শৈলকুপা থানা পুলিশের এএসআই জাকির হোসেন আহত হন।
ধ্বস্তাধস্তির জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে দুপুরের দিকে সংঘর্ষ বেধে যায়। এতে ৭ জন আহত হয়।
সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এদিকে ১৪৪ ধারা উপেক্ষা করে সন্ধ্যা ৬টার দিকে উভয়পক্ষ ঢাল, সড়কি, রাম-দা, লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
৫-৭শ লোক জঙ্গিরুপ নিয়ে সংঘর্ষ লিপ্ত হয়। পুলিশ মেতায়েন থাকলেও তাদের সামনেই সংঘর্ষকারীরা অস্ত্র উচিয়ে ছোটাছুটি করতে থাকে। অগ্নিমূর্তি সংঘর্ষকারীদের সামনে পুলিশ অসহায় হয়ে পড়ে। তারা সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়।
এ সময় দোকানপাট বন্ধ হয়ে যায়। সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষকালে পৌরসভা ভবনে হামলা হয়। প্রতিপক্ষের লোকরা মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর বাড়িতে হামলা করে। এছাড়া কয়েকটি দোকানে হামলা হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একদল পুলিশ নিয়ে শহরে বের হন। তার পেছনে পেছনে মাইকে ১৪৪ ধারা ঘোষণার কথা বলা হতে থাকে এবং লোকজনকে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। উপজেলা সদরে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/২১২৬ ঘ.
bdnews24