ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতা ধরে রাখার লক্ষ্য নিয়েই আওয়ামী লীগ সংবিধান সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে- এ অভিযোগ করেছে বিএনপি। তবে তা করেও লাভ হবে না, একই সঙ্গে সরকারকে হুঁশিয়ার করেছে তারা।
শনিবার মুক্তাঙ্গনে বিএনপির সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "প্রধানমন্ত্রী চতুর্দিকে অন্ধকার সৃষ্টি করে রেখেছেন। নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে তিনি বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চান।
"তাই বলবো, সংবিধান সংশোধন করুন, আর যাই করুন-কোনো লাভ হবে না। জনগণ আপনাদের বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে উঠেছে।"
মধ্যবর্তী নির্বাচনের দাবি আবার তুলে ধরেন তিনি।
সর্বোচ্চ আদালত সংবিধানের একটি সংশোধনী বাতিলের প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। সংসদীয় একটি বিশেষ কমিটি এ নিয়ে কাজ করছে।
সংসদের আগামী অধিবেশনেই সংবিধান সংশোধনের প্রস্তাব তোলা হবে বলে জানানো হয়েছে। আর এ বিষয়ে বিরোধীদলীয় নেতার মতামত শোনা হবে বলে সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়েছে।
বিএনপি অবশ্য সংবিধান সংশোধনের উদ্যোগে এখন পর্যন্ত সায় দেয়নি।
মুক্তাঙ্গনে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, "জনগণ আওয়ামী লীগকে সংবিধান সংশোধনের কোনো ম্যান্ডেট দেয়নি। বিএনপি ও দেশের জনগণকে বাদ দিয়ে সংবিধান সংশোধন করা হলে তা মেনে নেওয়া হবে না।''
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দেয় বিএনপি। তারই অংশ হিসেবে মুক্তাঙ্গনে সমাবেশ হয়।
ফখরুল বলেন, "এভাবে নির্দেশনা দিয়ে সরকার বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে।"
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "তারেক ও কোকোর বিরুদ্ধে মামলার নিষ্পত্তির বিষয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নির্দেশনা দিতে পারেন না। এর মাধ্যমে বিচার বিভাগেরও ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ প্রকাশ পেয়েছে।"
একই বিষয় নিয়ে বিষয়ে মুক্তাঙ্গনে রোববার যুবদল, সোমবার স্বেচ্ছাসেবক দল ও মঙ্গলবার ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, রাজিয়া ফয়েজ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24