চাঁদপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা ধর্মকে ব্যবহার করে, ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে বিপথে নেয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁঁড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম (দুলু) মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ও আরো অনেকে উপস্থিত ছিলেন।
দীপু মনি বলেন, "কোরআন-সুন্নাহতে যা আছে তা বাস্তবায়ন করার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ১৯৯৭ সালে নারীনীতি হয়। এতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৩ ভাগ সংরক্ষিত সদস্য পদে নির্বাচন করার জন্য নারীদের অগ্রাধিকার দেয়া হয়।
আওয়ামী লীগ কখনো কোরআন-সুন্নাহ বিরোধী আইন করবে না।
নারীর নিরাপত্তা, কাজের সুবিধা ও নারী-পুুরুষের সমঅধিকারের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান দীপু মনি।
দীপু মনি বলেন, "মিথ্যা কথা বলে সমালোচনা করা উচিত নয়। রাজনীতিবিদদের সত্য বলার কথা। কিন্তু কেউ কেউ তা বলেন না।
বছরের ৬ মাস চলে গেলেও অনেক শিক্ষার্থী এখনো বই পায়নি-বিরোধী দলীয় নেত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ করে তিনি জানান, জানুয়ারির মধ্যে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৪২ ঘ.
bdnews24