সুনামগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মী ও গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
সোমবার বিকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের শিববাড়ি মন্দিরে এ সংঘর্ষে আহতদের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎিসা দেওয়া হয়।
শিববাড়ি মন্দির কমিটির সভাপতি সুবল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্দিরে প্রতিবছরের মতো সকাল থেকে স্নান উৎসব শুরু হয়। এতে প্রায় ২৫/৩০ হাজার লোকের সমাগম ঘটে।
স্নান উৎসব উপলক্ষে সকাল থেকেই দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি অঞ্জন তালুকদার ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অদুদ মিয়াসহ কয়েক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে জুয়ার আসর বসান।
বিকালে মন্দির কমিটির লোকজন ও স্থানীয়রা জুয়ার আসর বন্ধ করার উদ্যোগ নিলে দু'পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তাহিরপুর থানার ওসি মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্য অঞ্জন তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩০ ঘ.
bdnews24