২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জাটকা ধরা বন্ধ রাখলে জেলেরাই উপকৃত হবে'

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, জাটকা মাছ ধরা বন্ধ রাখলে জেলেরাই উপকৃত হবে। বড় ইলিশ পাওয়া গেলে জেলেরাই লাভবান হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, জাটকা মাছ ধরা বন্ধ রাখলে জেলেরাই উপকৃত হবে। বড় ইলিশ পাওয়া গেলে জেলেরাই লাভবান হয়। রোববার ঢাকায় বিএমএ মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, "গত ৪ এপ্রিল পটুয়াখালীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধনের পরদিনই দক্ষিণাঞ্চলে ১২৫ মন জাটকা আটক হলো। এটা মেনে নেওয়া যায় না। সরকারের চাল খাবেন, আবার জাটকাও ধরবেন, তা হতে পারে না।" জাটকা রক্ষা কার্যক্রম সফল করতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের জোরদার অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, "কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।" জেলেদের পরিচয়পত্র দেওয়ার প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, "এটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলেই তাদের তালিকা প্রণয়ন ও পরিচয়পত্র দেওয়া শুরু হবে। এতে জেলেদের সহায়তার পরিমাণও বাড়ানো হবে।" এ বছর জাটকা সংরক্ষণ কার্যক্রমে বিকল্প কর্মসংস্থান কর্মসূচির বরাদ্দ ও খাদ্য সহায়তার পরিমাণ কমে যাওয়ায় জেলেরা অসন্তুষ্ট বলে তিনি স্বীকার করেন। মন্ত্রী বলেন, "খাদ্য নিরাপত্তার জন্য সরকার বেশি দামে চাল কিনে দেশের মানুষের খাদ্যের ব্যবস্থা করছে। এ অবস্থায় এবার সরকার খাদ্য সহায়তার পরিমাণ কমিয়ে ৩০ কেজির পরিবর্তে ২০ কেজি করেছে। খাদ্য সহায়তা কমলেও জাটকা মাছ ধরা বন্ধ রাখলে জেলেরাই উপকৃত হবে। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূর আফরোজ আলী, বিএফডিসি'র চেয়ারম্যান খুরশিদা খাতুন, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামসুল কিবরিয়া ও বিএফআরআই'র মহাপরিচালক এমজি হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৯ ঘ.