ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসানাতকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় ওই দলটির প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টায় পুরান ঢাকার ধোলাইখালে হাসানাত দুই বন্ধুসহ হুজুরের গাড়ি ঠিক করতে যায়।
"ওই সময় সাদা পোশাকে তিন/চারজন পুলিশ তাকে পাজারো একটি গাড়িতে করে নিয়ে যায়।"
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ এ নামে কাউকে ধরেনি এবং কোনো সংস্থা এ নামে কাউকে থানায় নিয়ে আসেনি।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, হাসানাতকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি বলেন, গোয়েন্দা পুলিশ বা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।
"এ ধরনের একটি খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখায়ও (এসবি) খোঁজ নিয়েছি। তারাও ফজলুল হক আমিনীর ছেলেকে গ্রেপ্তার করেনি।"
এদিকে আমিনীর প্রচার সম্পাদক দাবি করেছেন, হাসানাতকে গ্রেপ্তারের সময় তার দুবন্ধু হুমায়ুন ও রায়হানের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/২০০০ ঘ.
bdnews24