বরগুনা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকল সরবরাহে বাধা দেওয়ায় এক সরকারি কর্মকর্তাকে অশ্লীল গালাগাল ও মারধরের হুমকি দিয়েছেন বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুস সোবহান লিটন।
রোববার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আবদুস সোবহান লিটন অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা চলাকালে আবদুস সোবাহান লিটন আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ঢুকে ১০৪ নম্বর কক্ষে এক ছাত্রীকে নকল সরবরাহ করছিলেন।
এ সময় কেন্দ্র পরিদর্শক হিসেবে তিনি (উপজেলা মৎস্য কর্মকর্তা) লিটনকে পরীক্ষা কেন্দ্র থেকে চলে যেতে অনুরোধ করলে লিটন হইচই শুরু করেন।
আমতলী ইউএনও মোহাম্মদ মশিউর রহমান পরিস্থিতি সামাল দেন।
তরিকুল ইসলাম আরো বলেন, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে কার্যালয়ে ফেরার পথে তার পথরোধ করে লিটন অশ্লীল ভাষায় গালাগাল দেন। এরপর বেলা ২টার দিকে আবার তার কার্যালয় ঢুকে মারধরের হুমকি দেন। তাকে আমতলী থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেও শাসিয়ে যান।
তিনি বিষয়টি ইউএনওকে জানিয়েছেন বলে জানান।
এ ব্যাপারে ইউএনও ঘটনার সত্যতা স্বীকার কলে সাংবাদিকদের বলেন, "বরগুনার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী মহোদয়কে বিষয়টি অবহিত করেছি। এ বাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।"
আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান জানান, তাকেও বিষয়টি জানানো হয়েছে।
পরীক্ষা কেন্দ্র সচিব ও আমতলী বকুল নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফোরকান মিয়া বলেন, "ঘটনার সময় আমি ওই কেন্দ্রে উপস্থিত ছিলাম না। পরে শুনেছি।"
আমতলীতে অবস্থানকারী বরিশাল শিক্ষা বোর্ডের পরিদর্শক আবুল বাশার বলেন, বিষয়টি বোর্ডের পরীক্ষা শাখাকে জানানো হবে।
আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুস সোবহান লিটন পরীক্ষা কেন্দ্রে ঢুকে নকল সরবরাহের অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "মৎস্য কর্মকর্তার সঙ্গে আমার কোনো কথাই হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫২ ঘ.
bdnews24