চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল কর্মসূচি পালনের সময় গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
নারী উন্নয়ন নীতি বাতিলসহ চার দফা দাবিতে গত ৪ এপ্রিল দেশব্যাপী ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও হেফাজতে ইসলাম হরতাল পালন করে। গত ৭ মার্চ মন্ত্রিসভা নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদন করে।
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দাবি পূরণ না হলে হরতাল ও স্বেচ্ছাকারাবরণসহ কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
হরতাল চলাকালে চট্টগ্রাম- হাটহাজারী সড়কের অক্সিজেন থেকে চৌধুরীহাট পর্যন্ত অংশে প্রায় শতাধিক গাড়ি ভাংচুর করে সমর্থকরা। এ সময় পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রসা ছাত্র, পুলিশ,সাংবাদিক ও এলাকাবাসী আহত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম শাখার যুগ্ম সম্পাদক মুসা বিন এজাহার।
হরতালে সংঘর্ষ ও পুলিশের কাজে বাধাদানের ঘটনায় হাটহাজারী ও বায়েজীদ থানায় চারটি মামলা হয়। হাটহাজারী থানায় করা ভাংচুরের মামলায় হেফাজতে ইসলামীর চট্টগ্রাম শাখার আমীর শাহ আহমেদ শফী আসামি।
শফি অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি বলে হেফাজত নেতারা জানান।
মুসা বিন এজাহার বলেন, "এ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিতে চাই- ইসলামবিরোধী কোনো নীতিমালা গ্রহণ করে বাংলাদেশে কেউ টিকতে পারবে না।"
পুলিশি নির্যাতনে মাদ্রসা ছাত্র রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি।
মুসা বলেন, পুলিশ মারাত্মকভাবে জখম করে রফিকুলকে গ্রেপ্তার করে। পুলিশি বাধার কারণে তার সুচিকিৎসা হয়নি।
ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীরও মুক্তি দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ওই হরতাল পালনের সময় মাদ্রাসা ছাত্রদের হামলায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন হেফাজত নেতারা।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামী চট্টগ্রামের সিনিয়র নায়েবে আমীর শামসুল আলম, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন রুহী, আবদুর রহমান চৌধুরী, নাছির উদ্দিন মনির, মুফতি ফয়জুল্লাহ, মুফতি হাবিবুর রহমান কাশেমী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/এইচএ/২০১২ ঘ.
bdnews24