ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিতে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, "বর্তমান সরকার দেশে বাণিজ্য-বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করছে। আপনারা শিল্প স্থাপন করুন। উৎপাদন ও রপ্তানি বাড়ান, কর্মসংস্থান সৃষ্টি করুন। দারিদ্র্য ঘোচাতে অবদান রাখুন।"
বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়ে হাসিনা বলেন, "বাণিজ্যের বিশ্বায়ন ও উদারীকরণের কারণে বিশ্ব বাজারে প্রতিযোগিতা বেড়েছে। এ প্রতিযোগিতায় টিকে থাকা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানিপণ্য বহুমুখীকরণ, পণ্যের মান উন্নয়ন এবং শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে হবে। এ লক্ষ্যে শিল্প উদ্যোক্তাদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।"
প্রতিটি শিল্পে গবেষণা ও উন্নয়নের জন্য আলাদা বাজেট রাখার নির্দেশনা দিয়ে তিনি বলেন, সরকার সহায়ক ভূমিকা পালন করে যাবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা বাড়াতে ব্যবসায়ীদের নিয়মিত কর দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
"আমাদের সম্পদের অনেক সীমাবদ্ধতা আছে। এর মধ্যেও এগিয়ে যেতে হবে। আপনারা সঠিকভাবে কর দেন। রাজস্ব বাড়লে বিদ্যুৎ প্লান্ট ও গ্যাস খাতে আরো সুযোগ বাড়িয়ে দিতে পারবো।"
বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে হাসিনা বলেন, "বিদ্যুৎ ও গ্যাস নিয়ে আপনারা একটু সমস্যায় আছেন। এ পরিস্থিতির জন্য বিএনপি-জামাত জোট সরকার দায়ী। আমরা গত দুই বছরে নতুন করে ১৪০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি।"
আরো ৩৪টি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং গ্যাস উৎপাদন বৃদ্ধিতেও নতুন কূপ খনন এবং পাইপ লাইন স্থাপনের কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আমরা ব্যবসা করতে আসিনি। ব্যবসায়ীরাই ব্যবসা করবেন। আমরা আপনাদের সহায়তা ও উপযুক্ত পরিবেশ তৈরি করে দেবো। আর শ্রমিকদের ভালোমন্দ আপনাদের দেখতে হবে।"
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো। এতে দেশের জিডিপি বাড়ছে। নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। আধুনিক প্রযুক্তি আসছে। সাধারণ শ্রমিক দক্ষ শ্রমিকে পরিণত হওয়ার সুযোগ পাচ্ছে।
"বিশ্ব মন্দা সত্ত্বেও গত অর্থবছর রপ্তানিতে ৪.১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অথচ ২০০৯ সালে বিশ্ব রপ্তানি ২৩ শতাংশ কমেছে। ২০১০ সালে বিশ্ব রপ্তানিতে ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ। চলতি অর্থবছরের আট মাসে মোট রফতানি হয়েছে ১,৪০৭ কোটি ডলার। ফলে দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে।"
অনুষ্ঠানে এফবিসিসিআইস সভাপতি এ কে আজাদ বিগত তত্ত্বাধায়ক সরকারের সময়ে ব্যবসায়ীদের হয়রানির কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আলোচনায় ব্যবসায়ী স
bdnews24