ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার 'একতরফা' সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এই অভিযোগ করেন।
সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটিকে 'একদলীয়' বলেও অভিহিত করেন তিনি।
মওদুদ বলেন, "সরকার সংবিধান সংশোধন নিয়ে ছেলেখেলা করছে। সরকারকে বলতে চাই- কোনো সমঝোতা ছাড়া সংবিধান সংশোধন করা হলে বিএনপি তা মেনে নেবে না। ''
সংবিধান সংশোধনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। অবশ্য এ কমিটি প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল।
জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে লেবার পার্টি 'সাংবিধানিক সংকট : প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, যেকোনো আইনের খসড়া প্রণয়নের আগে মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধানের খসড়ার মন্ত্রিসভায় কোনো অনুমোদন নেওয়া হয়নি।
তিনি দাবি করেন যে, সংবিধান সংশোধনের নামে সরকার আদালতের রায়ের অতিরিক্ত সংশোধনী এনে খসড়া প্রণয়ন করেছে। আরও অনেক কিছু তারা [সরকার] সংশোধনের কথা বলছে। একদিকে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপিত করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রধর্ম ইসলামও রাখা হচ্ছে। এই দু'টি স্ববিরোধী। তাই সরকার সুনির্দিষ্টভাবে সংবিধান সংশোধনের প্রস্তাব নিয়ে আসলে দেখা যাবে তারা কোন দিকে যাচ্ছে।
লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, রফিক শিকদার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, আইনজীবী তাজুল ইসলাম ও ওয়ার্ড কাউন্সিলর নবী উল্লাহ নবী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৭ ঘ.
bdnews24