ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক কর্মসূচি হিসেবে ডাকা হরতালের সমর্থনে ধর্মীয় গ্রন্থ কুরআন হাতে নিয়ে নেতা-কর্মীদের রাজপথে নামতে বলেছেন মুফতি ফজলুল হক আমিনী।
প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে সোমবারের ডাকা হরতালে বাধা দিলে একই কর্মসূচি ধারাবাহিকভাবে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন চারদলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী।
রোববার রাজধানীর মুক্তাঙ্গনে হরতালের সর্মথনে এক সমাবেশে তিনি বলেন, "সোমবারের হরতাল কুরআন রক্ষার জন্য। এ হরতালে বাধা দিলে লাগাতার হরতাল দেওয়া হবে।"
হরতালের দিনে নেতা-কর্মীদের কাফনের কাপড় পরে এবং কুরআন হাতে নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দেশে কুরআনের আইন প্রতিষ্ঠা করতে মাঠে নেমেছি। তাই আর পেছপা হবো না। এ দেশে কোনো নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।"
হরতালের সমর্থনে মিছিলকারী হেফাজতে ইসলামীর ব্যানারে রোববার যশোরে মিছিল হয়। তাতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়, যাতে নিহত হয় এক মাদ্রাসা ছাত্র।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আমিনী বলেন, "কুরআনের আইন বাস্তবায়নের দাবিতে যশোরে একজন কর্মী শহীদ হয়েছে। লাখ লাখ কর্মী শহীদ হতে প্রস্তুত রয়েছে। তাই পুলিশ ভাইয়েরা আপনারা গুলি চালিয়ে এ আন্দোলনকে দমাতে পারবেন না।"
যশোরের ঘটনার জন্য পুলিশ সদস্যদের দায়ী করে তার বিচার দাবি করেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে আমিনী বলেন, "আপনাদের ভবিষ্যতে আমাদের অধীনে চাকরি করতে হবে। তাই গুলি চালিয়ে মানুষ হত্যার দায়ে অভিযুক্ত হবেন না।"
এর মাধ্যমে কার্যত ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার স্বপ্নটিই তুলে ধরলেন বিএনপির মিত্র দলের নেতা আমিনী।
তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। কুরআনের দুশমন এই সরকারকে উৎখাত করা হবে।"
আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমিনী বলেন, "পুলিশ দিয়ে কুরআনের পক্ষের জনতার ওপর হামলা চালাবেন না। সাহস থাকলে আপনারা মাঠে নেমে আসুন। আপনাদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে আমিনীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
সে বিষয়ে ইসলামী ঐক্যজোটের নেতা বলেন, "শেখ হাসিনাকে হত্যার হুমকি আমি দিইনি। তার ইসলামবিরোধী সরকারকে উৎখাত করতে চেয়েছি। কিন্তু আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।"
মুক্তাঙ্গনের সমাবেশে নেজামে ইসলামী দলের মহাসচিব আব্দুল লতিফ নেজামীসহ ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতারা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৮০০ ঘ.
bdnews24