ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের উপজেলা চেয়ারম্যান ও বিএনপিনেতা সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলায় জামিন পাওয়া ১১ আসামির কাছে বাদি-সাক্ষীদের 'ভয় না দেখানোর' লিখিত অঙ্গীকার চেয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ এই আদেশ দেয়।
আগামী ৬ এপ্রিল স্ব-প্রণোদিত আদেশের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
রুলে পক্ষভুক্ত হতে আদালতে সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর সোমবার ওকালতনামা জমা দিলে আদালত তা মঞ্জুর করে।
গত বছরের ৮ অক্টোবর বনপাড়া বাজারে পিটিয়ে ও কুপিয়ে সানাউল্লাহ বাবুকে হত্যা করা হয়। আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। বিএনপি নেতা সানাউল্লাহ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
নিহতের স্ত্রী মহুয়া নূর এ ঘটনায় বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন।
গত ১৩ মার্চ নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার জামিনপ্রাপ্ত ১১ আসামির জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে স্ব-প্রণোদিত আদেশ দেয় হাইকোর্ট।
আগামী ৬ এপ্রিল এই রুলের লিখিত জবাব দিতে আসামিদের নির্দেশ দেওয়া হয়।
গত ৬ মার্চ হাইকোর্ট রাসেল ওরফে রাপ্পু, বাদশা মিয়া, আশরাফুল ইসলাম, লুৎফর রহমান, রেজাউল করিম, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আব্দুল খালেক, মো. হাবিব, বাবলু মোল্লা ও বাবু মোল্লাকে ৬ মাসের অর্ন্তর্বতীকালীন জামিন দেয়।
সোমবার আদেশের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় ১১ আসামির পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং মহুয়া নূরের পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শুনানি করেন।
জামিন পাওয়ার পর ১০ মার্চ সন্ধ্যায় নাটোর জেলা কারাগার থেকে মুক্তি পান এ মামলার ১১ আসামি। পরে ওইদিনই তাদেরকে জেলা আওয়ামী লীগ সংবর্ধনা দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাবু হত্যা মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন ঘোষণা দেন, সাত দিনের মধ্যে তাদের অপরাধের প্রমাণ হাজির করতে না পারলে বনপাড়ার ব্যবসায়ীদের দেখে নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯১১ ঘ.
bdnews24